বিনোদন

‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’, নুসরতের ঝড়ো আগমন ‘রক্তবীজ ২’-এর পর্দায়

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’-এর নতুন গানে এবার পর্দায় আগুন ঝরালেন নুসরত জাহান। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল, এই বিগ বাজেট ছবিতে বিশেষ উপস্থিতিতে দেখা যাবে তাঁকে। অবশেষে প্রকাশ্যে এসেছে আইটেম সং ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেয়ো না’। গান প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে গানটি।

গাঢ় সবুজ স্বল্প পোশাকে বিস্ফোরক ভঙ্গিতে আবির্ভূত হয়েছেন নুসরত। যেন ড্রাম ফেটে বেরিয়ে আসা আগুনের গোলা। সাহসী পোশাক, ঝরঝরে নাচ আর লিরিক্সের তালে অনন্য আবেদন। গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর দিয়েছেন শিলাজিৎ মজুমদার। শ্রেষ্ঠা দাস কণ্ঠ দিয়েছেন নুসরতের প্লেব্যাকে। শুধু বিনোদন নয়, ছবির কাহিনিতেও এই গানের বিশেষ তাৎপর্য রয়েছে। গানের মাঝেই ধরা দিয়েছেন পুলিশ অফিসার সংযুক্তার ভূমিকায় মিমি চক্রবর্তী। এর আগে ১৪ আগস্ট প্রকাশিত হয়েছিল ছবির প্রথম ঝলক। আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। আগের ছবির মতো এবারও মুখ্য ভূমিকায় আছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। নতুন সংযোজন হিসেবে থাকছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়। ট্রেলারে অঙ্কুশকে দেখা গিয়েছে নির্মম খলনায়কের রূপে।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রক্তবীজ’-এর কাহিনি আংশিকভাবে প্রণব মুখোপাধ্যায়ের জীবনের ঘটনাবলির ছায়ায় নির্মিত হয়েছিল। সেখানেই ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি বিশেষভাবে আলোচিত হয়। এবারও ছবিতে বাস্তব রাজনৈতিক ছায়া অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে। অন্যদিকে, ‘ব্যান্ডিট কুইন’-খ্যাত সীমা বিশ্বাসকে দেখা যাবে প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের রূপে। অ্যাকশন, রাজনীতি, সাসপেন্স আর ঝাঁঝালো নাচের মিশ্রণে ‘রক্তবীজ ২’ ইতিমধ্যেই দর্শকমনে বাড়িয়েছে উত্তেজনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.