দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক কুকুরে কামড়ানোর ঘটনা সামনে আসছে। কখনও প্রাণহানির খবরও মিলছে। চিকিৎসকরা সতর্ক করছেন—অবহেলা বা দেরি করলে ক্ষত থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ে, টিস্যুর ক্ষয় এমনকি ব়্যাবিসের মতো মারাত্মক রোগও হতে পারে। তাই কুকুরে কামড়ানোর পর প্রথম ১৫ মিনিটেই সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
কুকুরে কামড়ানোর পর কী করবেন?
রক্তপাত নিয়ন্ত্রণ করুন
রক্তপাত হলে পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো চাপ দিন। খুব বেশি চেপে ধরবেন না, এতে জীবাণু আরও ভেতরে ঢুকে পড়তে পারে।
ক্ষত ভালোভাবে ধুয়ে ফেলুন
৫-১০ মিনিট ধরে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন, হালকা সাবান ব্যবহার করুন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কারণ মুখের লালা, মাটি ও ব্যাকটেরিয়া দূর হয় এতে।
অ্যান্টিসেপটিক ব্যবহার করুন
ক্ষত ধোয়ার পর পোভিডোন-আইডিন, হাইড্রোজেন পারঅক্সাইড বা অ্যালকোহল বেসড জীবাণুনাশক ব্যবহার করুন। এটি সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমায়।
পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন
স্টেরাইল গজ বা পরিষ্কার কাপড় দিয়ে হালকাভাবে ক্ষত ঢেকে দিন। তবে গভীর ক্ষতে শক্ত করে বাঁধবেন না।
তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন
ক্ষত ছোট মনে হলেও দেরি করবেন না। ডাক্তার প্রয়োজন অনুযায়ী র্যাবিস ভ্যাকসিন, টিটেনাস শট বা অ্যান্টিবায়োটিক দিতে পারেন।







