কলকাতা

মেঘভাঙা বৃষ্টিতে অচল কলকাতা, অফিসগামীদের ভরসা ‘ছোটা হাতি’

মাত্র পাঁচ ঘণ্টার টানা মেঘভাঙা বৃষ্টিতেই কার্যত থমকে গেল তিলোত্তমা। রাতভর বৃষ্টির দাপটে শহর থেকে শহরতলি—সব জায়গায় জল জমে হাঁটু থেকে কোমর পর্যন্ত। কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও আবার বিদ্যুতের তার জলের মধ্যে ছিঁড়ে পড়ে বিপদের আশঙ্কা। এমন অবস্থায় দুর্ভোগে সাধারণ মানুষ।

শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ। উত্তর দিক থেকে চললেও ট্রেনের গতি কচ্ছপের মতো ধীর। একের পর এক ট্রেন বাতিল হওয়ায় বহু নিত্যযাত্রীকে বাড়ি ফিরতে হয়েছে। ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো-চলাচল বন্ধ থাকায় শহরবাসীর সমস্যাও বহুগুণ বেড়েছে।

বাস-অটো কার্যত উধাও। হাতে গোনা কয়েকটি বাস রাস্তায় নামলেও সেগুলোয় অবস্থা ঠাসাঠাসি। অ্যাপ ক্যাব বা বাইক রাইডও মেলে না। কেউ রাজি হলেও ভাড়া এতটাই বেশি যে মাথায় হাত।

তবুও তো অফিসে পৌঁছতেই হবে। উপায় না দেখে অনেকে চেপে বসলেন ‘ছোটা হাতি’—টাটা এস গাড়িতে। মঙ্গলবার সকালে আনোয়ার শাহ মোড়ে চোখে পড়ল সেই দৃশ্য। গাড়িগুলোয় এমন ভিড় যে দাঁড়িয়েই যাত্রা করতে হচ্ছে কর্মজীবীদের। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়—এই দুর্দিনে ভাড়া গুনতে হচ্ছে মাথাপিছু ১০০ টাকা! চালকরা সুযোগের সদ্ব্যবহার করছেন বটে, তবে অফিসগামীদের আর বিকল্প নেই।

কলকাতা ও আশপাশের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে এখন একই ছবি—বৃষ্টি, জল, যানবাহনের অভাব আর কর্মজীবীদের হাহাকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.