এশিয়া কাপের মঞ্চে নজর কাড়ছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। তাঁর এই সাফল্যের নেপথ্যে রয়েছেন প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। ছয় ছক্কার সেই নায়কের মন্ত্রে দীক্ষিত অভিষেক শর্মা। একসময় যেভাবে বিশ্ব ক্রিকেট কাঁপিয়েছিলেন, তেমনই শিষ্যকেও দিয়েছেন অনন্য পরামর্শ। অভিষেকের বাবা রাজকুমার শর্মার কথায়, যুবরাজ সবসময় তাঁকে শেখান “পরিস্থিতি বুঝে খেলো, ব্যক্তিগত রেকর্ড নয়, দলকে জেতানোই হোক মূল লক্ষ্য।” পাকিস্তানের বিরুদ্ধে ঝড়ো ইনিংস খেলার সময়ও অভিষেক সেই শিক্ষা অনুসরণ করেছিলেন। যদিও গুগলিতে বিভ্রান্ত হয়ে আউট হন, কিন্তু দলকে এগিয়ে দিতে ঝুঁকি নিতে একটুও পিছপা হননি।
রাজকুমার আরও জানান, ছয় মারার বিশেষ ক্ষমতা অভিষেকের কাছে স্বাভাবিক প্রতিভা। তবে তাঁর ক্রিকেট কেরিয়ার গড়ে তুলতে যুবরাজের অবদান অসামান্য। দুই বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ভাগীদার হচ্ছেন অভিষেক। শুধু ক্রিকেট কৌশল নয়, শৃঙ্খলা থেকে শুরু করে অভিষেকের ব্যক্তিগত জীবনযাপনেও কড়া নজর দিয়েছেন যুবরাজ।







