রাজ্য

উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, মৃত একাধিক! উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সোমবারই যাচ্ছেন শিলিগুড়ি

উত্তরবঙ্গে প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন। মিরিক-দার্জিলিং-কালিম্পংয়ে ভয়াবহ ধস ও বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। পরিস্থিতি উদ্বেগজনক— এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকাল থেকেই তিনি রাজ্যের উত্তরবঙ্গ পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা যায়।

মুখ্যমন্ত্রীর কথায়, “উত্তরবঙ্গে ধস হয়েছে। বৃষ্টিতে ভূটান-সিকিম ভেসে গেছে। মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। পাঁচটি জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেছি। সকাল ছটা থেকে আমি মনিটর করছি। ক্রমাগত ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে।”

পর্যটকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা
মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকদের উদ্দেশে বলেন,

“মিরিক ছোট পাহাড়। মিরিক, দার্জিলিং ও কালিম্পং ঘিরে সাতটি জায়গায় ধস নেমেছে। একটি সেতু ভেঙে পড়েছে, কালিম্পংয়ের রাস্তা বন্ধ। অনেক পর্যটক আটকে আছেন। আমি বলেছি, তাঁরা যেন যেখানে আছেন, সেখানেই থাকেন। অতিরিক্ত হোটেল ভাড়া নেওয়া যাবে না। হোটেল মালিকদের উপর নজর রাখা হবে। সরকার তাঁদের নিরাপদে ফিরিয়ে আনবে। কেউ যেন আতঙ্কিত না হন।”

তিনি আরও জানান, আলিপুরদুয়ারকেও অ্যালার্ট করা হয়েছে, কারণ বাইরে থেকে প্রচুর জল প্রবেশ করছে এলাকায়।

দক্ষিণবঙ্গে ডিভিসিকে কড়া বার্তা
ডিভিসি কর্তৃপক্ষের দিকেও কড়া সুরে মুখ্যমন্ত্রী বলেন,

“দক্ষিণবঙ্গে ডিভিসি জল ছেড়েছে গাদাগাদা। ফলে ঘাটাল-সহ একাধিক এলাকা ভাসছে। গঙ্গা ভর্তি, সামনে জোয়ার। তাহলে জল নামবে কোথা দিয়ে? সারা পৃথিবীতে আজ প্রকৃতির রোষ— কারণ আমরা বছরের পর বছর প্রকৃতিকে অবহেলা করেছি।”

“মিরিকে নতুন পাহাড়, খালি খোদাই করে বাড়ি হচ্ছে”
মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেন,

“দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড় শক্ত হলেও মিরিকের পাহাড় নতুন। সেখানে লাগাতার খোদাই করে বাড়ি হচ্ছে। সেটাও বিপদের কারণ।”

স্বজন হারানো পরিবারদের পাশে রাজ্য সরকার
মমতা বন্দ্যোপাধ্যায় জানান,

“আমি কালই শিলিগুড়ি যাচ্ছি। বহু মানুষকে সেফ হাউসে পাঠানো হয়েছে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা হবে। আর যাঁরা স্বজন হারিয়েছেন, তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করবে।”

উত্তরবঙ্গে এই ভয়াবহ দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণে নেমেছে। পাহাড়ে আটকে পড়া পর্যটকদের সুরক্ষিতভাবে নামিয়ে আনার জন্য চলছে যুদ্ধকালীন তৎপরতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.