নাগরাকাটায় দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমে ব্যস্ত মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় রাজ্য রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। হামলার একদিন পরই তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় সরাসরি অভিযোগে বলেছেন, “কাউকে মারাই অন্যায়, বিশেষত নির্বাচিত জনপ্রতিনিধিকে এত সিরিয়াসলি মারাটা অত্যন্ত খারাপ।”
সৌগত রায় আরও বলেন, “খগেন মুর্মু তো রাউডি নন। তাহলে তাঁকে মারার কোনও যুক্তি নেই। এটি একটি খারাপ বার্তা পৌঁছে দেয়।” এই মন্তব্যে কার্যত দলের সাধারণ মতের থেকে কিছুটা উল্টো সুর ধরা পড়েছে।
উল্লেখ্য, হামলার পর খগেন মুর্মু এখনও ICCU-তে ভর্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তাঁর কানে আঘাত লেগেছে, তবে গুরুতর আঘাত নেই। পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন, বিপর্যয়পূর্ণ এলাকায় VIP কনভয় নিয়ে যাওয়া এবং পুলিশকে অবহিত না করা ভুল ছিল, যা স্থানীয়দের রাগের কারণ হতে পারে।
এর আগে তৃণমূলের আরেক বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এ ধরনের হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, “রাজনীতিতে কাউকে আক্রমণ করা যত কম হবে, তত ভালো। বিরোধী দলের হলেও এই ধরনের আক্রমণ কখনও সমর্থন করি না।”







