মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে , রাজ্যপাল ইস্যু নিয়েও সরব মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর হুশিয়ারি , “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি।” রাজ্যপাল বদল নিয়ে এদিন কেন্দ্রকে কার্যত তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি নয়া রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণও শানান। মুখ্যমন্ত্রীর কথায় , “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।”
রাজ্যপাল বদল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “কাউকে মেয়াদ শেষ করতে দিচ্ছে না। ধনখড়কে এখান থেকে নিয়ে গিয়ে উপরাষ্ট্রপতি করা হল। তারপর নজরবন্দি। অজিত পাওয়ারের কেসে বলেছিলাম ভাল করে তদন্ত করা উচিত। দিল্লিতে এখন যাঁরা বসে আছে তাঁরা তো মহম্মদ বিন তুঘলকের জ্যাঠার জ্যাঠামশাই।”
পাশাপাশি নতুন রাজ্যপালকে নিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন , “সিভি আনন্দ বোসকে কেন সরানো হয়েছে আমি সব জানি। কিন্তু বলব না। ভয় দেখানো হয়েছে, থ্রেট করা হয়েছে। একটু আমি বলতে পারি। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপির পার্টি অফিস। ওখান থেকে টাকা বিলি হোক। আর যাঁকে নিয়ে এসেছেন তাঁর বিরুদ্ধে আমি যেটা শুনেছি যে তাঁকে সুপ্রিম কোর্টে অনেক কমেন্ট শুনতে হয়েছে যখন তামিলনাড়ুতে ছিলেন। কোনও কাজ করেন না বিজেপি ছাড়া। বিজেপির প্যারেড করা ক্যাডার। তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য।”
মুখ্যমন্ত্রী আরও বলেন , “কালকে আমি একটা টুইট দেখলাম। কেউ বলছে বাংলা, বিহার ভাগ করে নাকি কেন্দ্রশাসিত অঞ্চল করবে! ওদের ধান্দাবাজি হচ্ছে বাংলাকে ভাগ করার। আবার একটা বঙ্গভঙ্গ করার চেষ্টা করছে। বিহারকে একবার ভাগ করেছে। ঝাড়খণ্ড আলাদা করেছে। এবার ফের বিহারকে ভাগ করার চেষ্টা হচ্ছে।”







