বর্ধমান: আদর করার ছলে হাসপাতাল থেকে শিশু চুরি! বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায়। তবে সৌভাগ্যবশত, স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপ ও পুলিশের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হল চুরি যাওয়া ১৮ দিনের শিশুপুত্র। ঘটনায় দুই মহিলা — রিঙ্কি খাতুন ওরফে রুমকি খাতুন এবং তাঁর মা মিনিরা বিবি —কে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রিঙ্কির বাড়ি বর্ধমানের বিজয়রামে এবং মিনিরা বিবির বাড়ি কেষ্টপুরে। তাঁরা মা-মেয়ে। মঙ্গলবার দুপুরে বর্ধমান মেডিক্যাল কলেজের আউটডোরের শিশু বিভাগে শিশুটিকে দেখাতে এসেছিলেন তার মা সেলেফা খাতুন ও তাঁর মা। প্রসূতি বিভাগের বহিঃবিভাগের বারান্দায় বসে থাকার সময় এক হলুদ চুড়িদার পরা মহিলা তাঁদের কাছে এসে শিশুটিকে আদর করার ছলে কোলে নেন। মুহূর্তের মধ্যেই শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান তিনি।
ঘটনা জানাজানি হতেই শুরু হয় তোলপাড়। দ্রুত তদন্তে নামে পুলিশ। সেই সময়েই এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় খাগড়াগড়ের উত্তরপাড়ায় ভাড়াবাড়িতে থাকা রিঙ্কি খাতুনকে দেখে। সদ্যোজাত শিশুকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। স্থানীয়দের প্রশ্নের মুখে রিঙ্কি ও তাঁর মা জানান, শিশুটি তাঁদের নিজের। কিন্তু একজন নার্সিং প্রশিক্ষণার্থী প্রতিবেশীর সন্দেহ জাগে—”এক দিনের বাচ্চা এত বড় কীভাবে হয়?”
খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। জেরায় রিঙ্কি ও মিনিরা দু’জনেই ভেঙে পড়ে এবং স্বীকার করেন যে তাঁরা শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করেছেন। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনিরা বিবি পরিচারিকার কাজ করেন এবং কয়েক মাস আগে মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়ায় থাকতে আসেন। চুরি যাওয়া শিশুটিকে রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজের প্রসূতি বিভাগে ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, দুই মহিলা কী কারণে শিশুটিকে চুরি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। শিশুটির বাবা সুজল শেখ বলেন, “আমার সন্তানকে ফিরে পেয়ে আমি বর্ধমান থানার পুলিশকে ধন্যবাদ জানাই।”







