ভারতীয় ফুটবলের অচলাবস্থার মাঝেই এলো বড় স্বস্তির খবর। সুপ্রিম কোর্টের নির্দেশে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে পদে বহাল থাকছেন কল্যাণ চৌবে। অন্তত ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদে আর কোনও নির্বাচন হবে না। তবে শীর্ষ আদালতের কড়া নির্দেশ, এক মাসের মধ্যে নতুন সংবিধান কার্যকর করতে হবে ফেডারেশনকে। এই নির্দেশেই যেন আপাতত ফিফার সম্ভাব্য শাস্তির হাত থেকে বাঁচার রাস্তা খুলে গেল।
গত কয়েক বছর ধরে ফেডারেশনের সংবিধান নিয়ে জটিলতা ছিল তীব্র। ২০১৭ সালে শুরু হয়েছিল সংশোধনের প্রক্রিয়া, ২০২২ সালে খসড়া জমা পড়লেও তা কার্যকর হয়নি নানা আপত্তির কারণে। ফিফা ও এএফসি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান কার্যকর না হলে ভারতীয় ফুটবল সাসপেনশনের মুখে পড়বে। এবার সুপ্রিম কোর্টের রায় ফেডারেশনকে শুধু স্বস্তিই দেয়নি, বরং ভবিষ্যতের দিশাও দেখাল।
বিচারপতি এল পিএস নরসিংহ এবং বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চ জানিয়েছে, বর্তমান সভাপতি ও কমিটিই সব সিদ্ধান্ত নেবে। ফলে ফেডারেশন এখন অন্য সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তি করতে পারবে। বিশেষ করে আইএসএল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা অন্যান্য উন্নয়নমূলক প্রকল্প এগিয়ে নেওয়ার সুযোগ থাকছে কল্যাণ চৌবের হাতে।
তবে এখানেই থেমে থাকলে চলবে না। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে, সংশোধনের নির্দেশ মেনে নতুন সংবিধান দ্রুত কার্যকর করতে হবে। অর্থাৎ, আপাতত সভাপতির চেয়ারে কল্যাণ চৌবে নিরাপদ হলেও তাঁর সামনে চ্যালেঞ্জ অনেক। ফিফার চাপ, অভ্যন্তরীণ সংস্কার আর মাঠে ভারতের উন্নতির স্বপ্ন—সব মিলিয়ে এখনই শুরু হচ্ছে এআইএফএফ সভাপতির প্রকৃত পরীক্ষা।







