ভোটের এখনও মাস কয়েক বাকি। এখনও পর্যন্ত রাজ্যের কোনও কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করেনি তৃণমূল কংগ্রেস। কিন্তু সেই অবস্থাতেই আগাম প্রার্থীর নাম ঘোষণা করে দলীয় অন্দরে চাঞ্চল্য তৈরি করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাঁইথিয়ার বিজয়া সম্মেলনী মঞ্চ থেকে প্রকাশ্যে জানিয়ে দিলেন — আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী লীলাবতি সাহা।
অনুব্রতের বক্তব্য, “ছাব্বিশের ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। প্রার্থী যেই হোক চিন্তা করবেন না, লীলাবতি সাহা ক্যান্ডিডেট মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যান্ডিডেট। জানবেন, লীলাবতি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন না।”
এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে প্রবল জল্পনা ও বিতর্ক। দল এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা না করলেও, অনুব্রতের এই মন্তব্যকে অনেকেই ‘অকাল প্রার্থী ঘোষণা’ হিসেবেই দেখছেন।
বিজেপির তরফে তৃণমূলের এই অন্দর সংঘাত নিয়ে ইতিমধ্যেই কটাক্ষ এসেছে। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এবার দেখা যাক কাজল শেখ কী করে। লীলাবতির লীলা কাজল শেখ কতদিন সহ্য করেন তা দেখতে হবে।”
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই অনুব্রত ঘনিষ্ঠ লীলাবতি সাহা এবং কাজল শেখের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার ‘একসঙ্গে চলার’ বার্তা দিলেও মাটির স্তরে সেই সুরে ফাটল স্পষ্ট।
অন্যদিকে, নানুরে বিজয়া সম্মেলনীতে কাজল শেখের গলায় আত্মবিশ্বাসের সুর, “নানুর থেকে এবারে ১ লক্ষ ১৮ হাজারের বেশি ভোটের লিড হবে। জেলায় সবচেয়ে বেশি লিড দেবে নানুরই।” তবে তিনি কোনও প্রার্থীর নাম ঘোষণা করেননি। তাঁর মন্তব্য, “কে মঞ্চে থাকল, কে থাকল না সেটা ম্যাটার নয়। আমরা সবাই দলের কর্মী।”
দলীয় ঐক্য বজায় রাখার এমন বার্তার মধ্যেই অনুব্রতের প্রার্থী ঘোষণাই নতুন করে শোরগোল তুলেছে তৃণমূলের অন্দরে। এখন রাজনৈতিক মহলের প্রশ্ন, কেষ্টর এই ঘোষণা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে, নাকি এটি তাঁর নিজস্ব কৌশল?
এক কথায়, সাঁইথিয়ার বিজয়া সম্মেলনীর পর অনুব্রতর এক মন্তব্যেই ফের সরগরম রাজ্য রাজনীতি।







