ভারতের অন্যতম রাজ্য ওড়িশায় নারী নির্যাতনের ঘটনা যেন থামছেই না। এবার রাজ্যটির রাজধানী ভুবনেশ্বরে বিহারের ১৭ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার গভীররাতে এই নৃশংস ঘটনা ঘটে। পরে একদল অটোচালকের তৎপরতায় মেয়েটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ কমিশনার এস. দেব দত্ত সিং নিশ্চিত করেছেন যে গুরুতর নির্যাতনের শিকার ওই কিশোরীর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুবনেশ্বরের অশোকনগর এলাকার কাছে মেয়েটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রথমে স্থানীয়রা তাকে প্রতিবন্ধী ভেবে ভুল করলেও, পরে অটোচালকরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়েটিকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এবং সে মানসিক আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছে। ইশারায় সে বিহারের বাসিন্দা বলে জানাতে পারলেও কথা বলতে পারছিল না। পুলিশ কমিশনার দ্রুত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। উল্লেখ্য, ওড়িশায় শিশুদের বিরুদ্ধে অপরাধের হার (৫৯.৫%) অত্যন্ত বেশি এবং ২০২৩ সালে এই ধরনের অপরাধে সামগ্রিক চার্জশিট হার ছিল দেশের মধ্যে সর্বনিম্ন (৪১.৫%)। এই ঘটনা রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়াল।







