ব্যারাকপুর: ঐতিহাসিক মঙ্গল পান্ডে ঘাটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্নান করতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে গেলেন বারাসাতের এক যুবক। মৃতের নাম কিরন রাজবংশী (বয়স আনুমানিক ২৭), বাড়ি বারাসাতের নবপল্লি এলাকায়। পেশায় তিনি ছিলেন মধ্যমগ্রাম বনদপ্তরের কর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে মোট ছয়জন যুবক বারাসাত থেকে ভ্যানে করে মঙ্গল পান্ডে ঘাটে আসেন স্নান করতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাঁতার কাটার সময় হঠাৎই কিরন গভীর জলে তলিয়ে যান। তাঁকে বাঁচাতে আরও এক বন্ধু ঝাঁপিয়ে পড়লেও তিনিও অল্পের জন্য প্রাণে বাঁচেন।
খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। শুরু হয় ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান। কয়েক ঘণ্টার চেষ্টার পর অবশেষে নিশান ঘাটের কাছ থেকে কিরনের দেহ উদ্ধার করা হয়।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কিরনের পরিবার ও সহকর্মীদের মধ্যে। ব্যারাকপুরের স্থানীয়রাও এই আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করা হচ্ছে।
#BreakingNews #Barrackpore #MangalPandeGhat #Barasat #Accident #GangaDrowning #KironRajbanshi #WestBengalNews







