খেলাধুলা

‘বুড়ো হাড়ে জাদু!’ অভিষেকেই ইতিহাস গড়লেন পাকিস্তানের আসিফ

ক্রিকেটে বয়স যেন শুধুই একটি সংখ্যা! পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি সেটাই প্রমাণ করলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের অভিষেক টেস্টে। বয়স যখন প্রায় ৪০, তখনই জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন তিনি। ৩৮ বছর ৩০১ দিন বয়সে অভিষেক করেই প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার, ভেঙে দিলেন ৯২ বছরের পুরনো এক নজির।

আসিফের এই সাফল্যে ভেঙে গেল নিউজিল্যান্ডের কিংবদন্তি ফেন ক্রেসওয়েলের রেকর্ড, যিনি ১৯৪৯ সালে ৩৪ বছর বয়সে টেস্ট অভিষেকে ৫ উইকেট নিয়েছিলেন। সেইসঙ্গে ইংল্যান্ডের চার্লস মেরিওটের রেকর্ডও পিছনে ফেলেছেন তিনি, যিনি ১৯৩৩ সালে ৩৭ বছর বয়সে একই কীর্তি গড়েছিলেন। অর্থাৎ, টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এত বেশি বয়সে অভিষেকে ৬ উইকেট নেওয়ার কৃতিত্ব এর আগে কারও ছিল না।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এত বেশি বয়সে টেস্ট অভিষেক খুবই বিরল। মিরান বাখশ ৪৭ বছর বয়সে ও তাবিশ খান ৩৬ বছর বয়সে অভিষেক করেছিলেন। এবার তাঁদের পাশে এসে দাঁড়ালেন আফ্রিদি, তবে পারফরম্যান্সে তাঁদেরও ছাড়িয়ে গেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ইনিংসে টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইন, সাইমন হারমার ও ত্রিস্তান স্টাবস—সবাই হয়েছেন আফ্রিদির স্পিনের শিকার।

প্রথম ইনিংসে পাকিস্তান তুলেছিল ৩৩৩ রান, জবাবে দক্ষিণ আফ্রিকা ৪০৪। তবে ম্যাচের ফল যাই হোক, আসিফ আফ্রিদির এই অভিষেক এখনই কিংবদন্তি হয়ে উঠেছে। বয়সের সীমা অতিক্রম করে তিনি দেখিয়ে দিলেন, প্রতিভা ও অধ্যবসায় থাকলে যে কোনও সময়ই স্বপ্নপূরণ সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.