বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের পেঁচাকুড়া গ্রামে চাঞ্চল্য। বাড়ির পাশে বন্ধু-বান্ধব নিয়ে মদ্যপানের আসর বসানোয় আপত্তি জানাতেই দাদাগিরির অভিযোগ উঠল বিজেপির মণ্ডল সহ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ, বিষ্ণুপুর ১ নম্বর মণ্ডলের সহ সভাপতি শান্তিময় গাঙ্গুলী মদ্যপ অবস্থায় এক গৃহবধূকে গালিগালাজ করেন।
অভিযোগকারিণী কাকলী মোদক জানান, “বাড়ির পাশে প্রতিদিনই মদ্যপানের আসর বসে। আপত্তি জানাতেই অপমান করা হয়।” ঘটনার সময় তাঁর ছেলে জয় মোদক মোবাইল ফোনে গোটা ঘটনাটি রেকর্ড করেন। পরে রাধানগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
ঘটনায় আতঙ্কিত কাকলী দেবীর পরিবার। তবে অভিযুক্ত বিজেপি নেতা শান্তিময় গাঙ্গুলীর দাবি, “অভিযোগ সম্পূর্ণ ভুয়ো, এমন কোনো ঘটনাই ঘটেনি।”
বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, “আইন অনুযায়ী তদন্ত হোক, দলের কেউ অপরাধে জড়িত থাকলে দল তা বরদাস্ত করবে না।”







