গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাল ৪০৮ রানের লজ্জাজনক হার বরণ করল ভারত। এই হারের সঙ্গেই ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল প্রোটিয়ারা। ২৫ বছরের মধ্যে এই প্রথমবার দক্ষিণ আফ্রিকা ভারতে টেস্ট সিরিজ জিতল, যা ঘরের মাঠে ভারতের অন্যতম বাজে পারফরম্যান্স হিসেবে চিহ্নিত হলো।
৫৪৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিং লাইনআপ পঞ্চম দিনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। বিশেষত স্পিনার সাইমন হার্মারের ঘূর্ণির সামনে ভারতীয় ব্যাটসম্যানরা কোনো প্রতিরোধই গড়তে পারেননি।চতুর্থ দিন শেষে ভারত ২৭/২ স্কোরে ব্যাট করতে নামে। পঞ্চম দিনের শুরু থেকেই হার্মার ভারতীয়দের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন।দিনের শুরুতে কুলদীপ যাদব এবং ধ্রুব জুরেল একই ওভারে হার্মারের শিকার হন।এরপর অধিনায়ক ঋষভ পন্থও হার্মারের কাছে উইকেট বিলিয়ে দেন।
দ্বিতীয় সেশনেও বিপর্যয় থামেনি। সাই সুদর্শন (১৪) আউট হওয়ার পর একে একে ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ রেড্ডি প্যাভিলিয়নে ফেরেন।রবীন্দ্র জাদেজা একমাত্র ব্যাটসম্যান হিসেবে লড়াই চালিয়ে যান এবং একটি ছয় মেরে নিজের অর্ধশতরান পূর্ণ করেন।কিন্তু জাদেজা আউট হওয়ার পর মোহাম্মদ সিরাজকে অবিশ্বাস্য এক হাতে ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন মার্কো জানসেন আর সেই সঙ্গেই ভারতের ইনিংসের যবনিকা পড়ে। দক্ষিণ আফ্রিকার কাছে আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই ঘরের মাঠে ভারতের ‘হোয়াইটওয়াশ’ সম্পূর্ণ হলো।
এই ম্যাচের স্কোরকার্ডে হতাশাজনক ফলাফল থাকলেও, একটি অসাধারণ কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডার এইডেন মার্করাম। তিনি এই টেস্টে মোট ৯টি ক্যাচ নিয়ে একক টেস্টে একজন আউটফিল্ডারের সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছেন। এর আগে ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানের দখলে এই রেকর্ড ছিল (৮টি ক্যাচ)।এই সিরিজ হার কেবল দলের ব্যর্থতা নয়, বরং কোচিং স্টাফ এবং মধ্যক্রমের কৌশল নিয়েও গভীর প্রশ্ন তুলে দিল।







