কলকাতা

বাংলায় ভোটের আগে প্রশাসনিক ভূমিকম্প! এক ঝটকায় বদলি ৫৭ আধিকারিক, নবান্নের নির্দেশে সাড়া রাজনৈতিক মহলে

কলকাতা: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে সোমবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। আর তার ঠিক আগে, নবান্নে ঘটল প্রশাসনিক ভূমিকম্প। এক বিজ্ঞপ্তিতেই রাজ্যের ৫৭ জন আধিকারিককে সরিয়ে দিল রাজ্য সরকার। যার মধ্যে রয়েছেন ১০ জন জেলাশাসক, ২২ জন অতিরিক্ত জেলাশাসক, ১৫ জন মহকুমা শাসক, এবং ১০ জন অফিসার অন স্পেশ্যাল ডিউটি (OSD)।
ওয়াকিবহাল মহলের মতে, সাম্প্রতিক সময়ে এমন ব্যাপক প্রশাসনিক রদবদল নজিরবিহীন।

নবান্ন সূত্রের খবর, বদলি হওয়া জেলাশাসকদের মধ্যে রয়েছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মালদহ ও বীরভূমের জেলা শাসকরা। তালিকায় অধিকাংশই আইএএস আধিকারিক। ফলে প্রশ্ন উঠছে— এবার কি একইভাবে আইপিএস পর্যায়েও রদবদল হতে চলেছে?

বদলির কারণ নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ব্যাখ্যা দেয়নি নবান্ন। তবে প্রশাসনিক সূত্রের দাবি, “যে সব আধিকারিক টানা তিন বছর একই পদে রয়েছেন, তাঁদেরই নিয়ম মেনে বদলি করা হয়েছে।”
অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়া নিয়ে সোমবারের বৈঠকে বড় ঘোষণা আসতে পারে, তাই আগেভাগেই প্রশাসনিক রদবদল ঘটিয়ে রাখল রাজ্য সরকার—এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজনৈতিক মহল বলছে, ভোটের আগে প্রশাসনিক এই হেরফের নিঃসন্দেহে রাজনৈতিক বার্তা বহন করছে। এবার কমিশনের ঘোষণা কী হয়, সেই দিকেই এখন নজর রাজ্যজুড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.