বিদেশ

রাখাইনে ভরা বাজারে জুন্টার বিমান হামলা, মৃত ৪৯, আহত ৫৮

মায়ানমারের আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন রাখাইন প্রদেশে ফের ভয়াবহ বিমান হামলার অভিযোগ উঠল জুন্টা বাহিনীর বিরুদ্ধে। সোমবার ব্যস্ত বাজার এলাকায় চালানো এই হামলায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫৮ জন। তাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

আরাকান আর্মির দাবি, পশ্চিম মান্দালয় থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে ক্যায়াকটাউ টাউনশিপের কাছে একটি বাজারে এই হামলা চালানো হয়। সোমবার দুপুরে বাজার যখন ক্রেতা-বিক্রেতায় জমজমাট, সেই সময় যুদ্ধবিমান থেকে পরপর দুটি বোমা ফেলা হয়। বিস্ফোরণে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর জুন্টা বাহিনীর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে আরাকান আর্মি। হামলার সঙ্গে জড়িতদের কাউকেই ছেড়ে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথাও জানিয়েছে তারা।

উল্লেখ্য, রাখাইন প্রদেশ থেকেই অতীতে সামরিক অভিযানের মাধ্যমে প্রায় ৭ লক্ষ রোহিঙ্গাকে উৎখাত করা হয়েছিল। ২০২১ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং। পরবর্তীতে নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। এরপর থেকেই মায়ানমারে শুরু হয়েছে দীর্ঘস্থায়ী সংঘাত।

জুন্টা সরকারের বিরুদ্ধে রাখাইনে লড়াই চালিয়ে যাচ্ছে আরাকান আর্মি। পাশাপাশি চিন প্রদেশে তাদের সহযোগী জুন্টাবিরোধী জোট ‘চিন ব্রাদারহুড’-ও প্রতিরোধ গড়ে তুলেছে। এই জোটের সঙ্গে রয়েছে ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলের ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স’। সম্মিলিতভাবে জুন্টা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা।

আরাকান আর্মি এবং রাখাইনে উদ্ধারকাজে যুক্ত উচ্চপদস্থ আধিকারিক ওয়াই হুন আউং জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রাখাইন প্রদেশে এটাই অন্যতম ভয়াবহ প্রাণঘাতী বিমান হামলা। গত বছরের ডিসেম্বরেও রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.