জেলা

বীরভূমে আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব-কাণ্ডে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন রাজনগরে

বীরভূমের রাজনগর থানায় আদিবাসী কলেজ ছাত্রীদের কুপ্রস্তাব, হুমকি ও অশালীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ ও ডেপুটেশন দিল বিজেপি। সোমবার রাজনগর থানায় বিজেপির পক্ষ থেকে মিছিল করে গিয়ে থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়।

বিজেপির দাবি, আদিবাসী ছাত্রীদের জাতি তুলে অপমান করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এবং পুরো ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। উপস্থিত ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি ধ্রুব কুমার সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা সহ জেলা ও ব্লক নেতৃত্ব।

সংবাদ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই রাজনগর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে — ধ্রুব ভান্ডারী ও কৌশিক রায় নামে। স্থানীয় সূত্রে খবর, কৌশিক রায় হলেন তৃণমূল কংগ্রেসের রাজনগর ব্লক সহসভাপতি রানা প্রতাপ রায়ের ছেলে।

বিজেপি নেতৃত্বের দাবি, পুলিশ যেন নিরপেক্ষ তদন্ত করে এবং আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার করে। জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “শুধু দুই অভিযুক্ত নয়, ষড়যন্ত্রে যাঁরা যুক্ত তাঁদেরও আইনের আওতায় আনতে হবে।”

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা ও অন্যান্য নেতারা অভিযোগের আঙুল তুলেছেন ব্লক তৃণমূল নেতা সুকুমার সাধুর দিকেও। তাঁরা দাবি করেছেন, গোটা ঘটনার পেছনে বড় রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, এবং প্রশাসনকে নিরপেক্ষভাবে ব্যবস্থা নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.