ভারতীয় বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ-এর প্রয়াণে স্তব্ধ চলচ্চিত্র ও টেলিভিশন জগত। প্রথমে জানা গিয়েছিল, ৭৪ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতার মৃত্যু হয়েছে কিডনি বিকলতার কারণে। তবে, তাঁর সহ-অভিনেতা রাজেশ কুমার জানালেন এক সম্পূর্ণ ভিন্ন তথ্য।
রাজেশ কুমারের দাবি, “সতীশ বান্দ্রার বাড়িতে দুপুরে খাবার খাচ্ছিলেন। খাওয়ার সময়ই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। কিডনির সমস্যা ছিল ঠিকই, কিন্তু তা ততটা গুরুতর ছিল না।”
পরিবার সূত্রে আগে জানানো হয়েছিল, কিডনির অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন সতীশ শাহ। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
অন্যদিকে, জনপ্রিয় ধারাবাহিক ‘সারাভাই ভার্সেস সারাভাই’–এর স্রষ্টা জেডি মাজেথিয়া জানালেন, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও সতীশ ছিলেন একেবারে স্বাভাবিক। তাঁর কথায়, “মৃত্যুর কয়েক ঘণ্টা আগে রত্না পাঠক শাহের সঙ্গে কথা বলেছিলেন সতীশ। সেদিন সকালে অতীশ কাপাডিয়ার সঙ্গেও কথা বলেন তিনি। এরপর কীভাবে সব বদলে গেল, ভাবতে পারছি না।”
টেলিভিশন থেকে বড়পর্দা—সব ক্ষেত্রেই তাঁর হাস্যরস ও ব্যক্তিত্ব সমানভাবে ছুঁয়ে গিয়েছিল দর্শকের হৃদয়। ‘সারাভাই ভার্সেস সারাভাই’-এর ইন্দ্রবদন সারাভাই হোক বা ‘জানে ভি দো ইয়ারো’-এর কৌতুকনাট্যের চরিত্র—প্রতিটি ভূমিকায় তিনি ছিলেন অনবদ্য।
বিনোদন দুনিয়ার বহু তারকা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন। সতীশ শাহের প্রয়াণে হারাল ভারতীয় অভিনয় জগৎ এক উজ্জ্বল, প্রাণোচ্ছল মুখ।







