বলিউড তারকা আমির খান দীর্ঘ তিন বছরের বিরতির পর আবারও ফিরছেন বড়োপর্দায়। তার আসন্ন ছবি ‘সিতারে জমিন পর’ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। আগামী ২০ জুন মুক্তি পেতে চলেছে ছবিটি। ‘লাল সিং চাড্ডা’র বক্স অফিস ব্যর্থতার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন আমির। তবে এবার নতুন উদ্যমে ফিরেছেন তিনি এবং ব্যস্ত রয়েছেন ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারে।
সম্প্রতি ছবির প্রচারে গিয়ে আমির খান জানিয়েছেন, এই ছবিতে তার মা জিনাত হুসেন এবং বোন নিখাৎ ফতিমাকে দেখা যাবে বিশেষ চরিত্রে। আমির জানান, ছবির শেষ গানের শুটিং চলাকালীন তার মা সেটে আসার ইচ্ছা প্রকাশ করেন। তখন পরিচালক আরএস প্রসন্ন জিনাত হুসেনকে একটি দৃশ্যে অংশ নেওয়ার অনুরোধ জানান। প্রথমে রাজি না হলেও, আমিরের অনুরোধে শেষ পর্যন্ত শুটিংয়ে অংশ নেন জিনাত হুসেন। এটি হতে চলেছে তার জীবনের প্রথম এবং সম্ভবত একমাত্র সিনেমা।
এছাড়াও, এই ছবিতে প্রথমবারের মতো বোন নিখাৎ ফতিমার সঙ্গেও কাজ করেছেন আমির খান। যদিও নিখাৎ আগে থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত, এই প্রথম তিনি ভাইয়ের সঙ্গে এক ছবিতে অভিনয় করছেন। মায়ের এই আবেগঘন উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বড় চমক হতে চলেছে। এখন শুধু অপেক্ষা ২০ জুনের, আমির খান ও তার পরিবারের স্পর্শে ‘সিতারে জমিন পর’ কতটা আলো ছড়াতে পারে, তা দেখার।







