ভোটার তালিকা সংশোধন পর্ব শুরু হওয়ার আগেই নতুন বিতর্ক। ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission) — এমনই গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এ রাজ্যে শুরু হয়েছে SIR, অর্থাৎ Silent Invisible Rigging — চুপিচুপি কারচুপি।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বৃহস্পতিবার দলীয় সদর দফতরে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর বক্তব্য, “কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার ২ নম্বর বুথে ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল ৭১৭ জনের। এখন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় দেখা যাচ্ছে মাত্র ১৪০টি নাম। বাকিদের কী হল?”
তিনি আরও দাবি করেন, “উত্তর ২৪ পরগনার অশোকনগরের ১৫৯ নম্বর বুথে কোনও ভোটার নেই বলে দেখাচ্ছে। অথচ ২০০২ সালে ওই বুথে প্রায় ৯০০ ভোটার ছিলেন।” কুণাল ঘোষের অভিযোগ, “অনেক হিন্দু ভোটারের নামও বাদ দেওয়া হয়েছে।”
তাঁর কথায়, “SIR নিয়ে কমিশনের এই কারচুপি প্রকাশ্যে আনতে নিরপেক্ষ তদন্ত দরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি তৃণমূল কর্মীকে এলাকায় নজর রাখতে বলা হয়েছে। যেন একটিও বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায়।”
এদিন একই সুরে মুখ খোলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর অভিযোগ, “বাংলার উৎসবের আমেজ নষ্ট করতে কেন্দ্র ও নির্বাচন কমিশনের যোগসাজশে চলছে ষড়যন্ত্র। বাংলাকে ভয় দেখাতে গিয়ে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। বাংলার মানুষ এটা মেনে নেবে না।”
উল্লেখযোগ্যভাবে, SIR নিয়ে ইতিমধ্যেই রাজ্যে চালু হয়েছে বিশেষ ভোটার হেল্পলাইন — ১৯৫০ নম্বরে ফোন করে নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগে যাদের নথিপত্র হারিয়েছে, তাঁদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তাঁদের রেকর্ড রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায় বিশেষ ক্যাম্পের মাধ্যমে সেই ভোটারদের ডুপ্লিকেট নথি পুনর্নির্মাণ করে দেওয়া হবে।
তৃণমূলের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। শুরু হওয়ার আগেই ভোটার তালিকা নিয়ে ‘নীরব রিগিং’-এর অভিযোগে আরও একবার বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশন।







