SIR ইস্যুতে এবার পথে নামছেন তৃণমূল সুপ্রিমো ! সাথে থাকছেন , তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও ! আগামী মঙ্গলবার অর্থাৎ SIR শুরুর দিনই পথে নামতে চলেছেন তারা। দুপুর দেড়টা থেকে শুরু হবে মিছিল। বিআর আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে শাসক শিবিরের এই মেগা ৱ্যালি পৌঁছাবে জোড়া সাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত।
রাজ্যে SIR ঘোষণার পর থেকেই , বেড়েছে রাজনৈতিক উত্তাপ। উল্লেখ্য শাসকদল তৃণমূল , প্রথম থেকেই বিরোধিতা করে আসছে SIR এর। এমনকি কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে , নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছে তৃণমূল কংগ্রেস। দরকার পড়লে দিল্লিতেও বিক্ষোভ দেখানোর কথা বলা হয়েছে। প্রতিটি বিধানসভায় ১৫ জনের টিম গড়ারও নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি। এই আবহে এবার একযোগে পথে নামতে চলেছেন মমতা এবং অভিষেক। উল্লেখ্য , বিশ্লেষকদের মতে , এতে নির্বাচন কমিশনের ওপর কিছুটা হলেও চাপ বাড়বে।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় অবশ্য এবিষয়ে বলেছেন , “এই রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে SIR কোনও বিষয় নয়। গোটা ভারতে আর যে সব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনও তাপ উত্তাপ নেই। অথচ যা হচ্ছে এই বাংলায়।”







