রাজনীতিরাজ্য

তৃণমূলের পর বিজেপির পাল্টা দাওয়াই: ভোটের আগে বাংলায় ডিজিটাল লড়াইয়ে ‘নমো যুব যোদ্ধা’

নতুন দফায় ‘ডিজিটাল যুদ্ধ’-এ নামল বাংলা রাজনীতি। নির্বাচনের আর মাত্র বছরখানেক বাকি থাকতেই তৃণমূলের উদ্যোগের জবাব দিল বিজেপি। কলকাতার আইসিসিআরের মঞ্চ থেকে শনিবার যুব সমাজকে লক্ষ্য করে গেরুয়া শিবির ঘোষণা করল তাদের নতুন প্রচার অভিযান—‘নমো যুব যোদ্ধা’। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ বিপ্লব দেব, কেন্দ্রীয় নেতা সুনীল বনসলসহ বিভিন্ন বিশিষ্ট নেতা।

২০১৪ সাল থেকেই নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্রচারে অন্যতম প্রধান ভূমিকা রেখেছে ডিজিটাল কৌশল। সামাজিক মাধ্যম, ওয়েব ক্যাম্পেইন, আইটি সেলের তৎপরতায় বিরোধীদের মাঝে চোখে পড়ার মতো সাড়া মিলেছিল। ২০২৬-এর ভোটের আগে আবারও সেই ডিজিটাল শক্তিকেই সামনে আনছে বিজেপি। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি। বিজেপির নতুন উদ্যোগকে অনেকেই সেই পথ অনুসরণ বলেই দেখছেন।

রাজ্য বিজেপির দাবি, এই কর্মসূচির লক্ষ্য যুব সমাজকে সংগঠিত করে ‘তৃণমূলের দূর্নীতির বিরুদ্ধে লড়াই’ এবং ‘বিকশিত বাংলা’ গড়ার পথ প্রশস্ত করা। উদ্যোগে যুক্ত হওয়ার জন্য খোলা হয়েছে হেল্পলাইন নম্বর—৭০১৫৯০০৯০০। এছাড়া বিজেপির ওয়েবসাইটেও মিলবে বিস্তারিত তথ্য। বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, “তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ ধ্বংস করেছে তৃণমূল। আমাদের আন্দোলন ডিজিটালেই সীমাবদ্ধ থাকবে না, রাস্তায়ও নামবে যুব শক্তি।” বিজেপি নেতা সজল ঘোষের দাবি, এই কর্মসূচি শুধু বাংলায় নয়, গোটা দেশজুড়েই কার্যকর হবে।

তৃণমূল অবশ্য বিজেপির এই পদক্ষেপকে ‘নকল’-এর তকমা দিতে ছাড়েনি। দলের মুখপাত্র তন্ময় ঘোষের মন্তব্য, “দুই সপ্তাহের মধ্যেই তৃণমূলের উদ্যোগের প্রতিধ্বনি শোনা গেল বিজেপির শিবিরে। আগেও এ ধরনের প্রচারণা চালিয়েও ফল পায়নি ওরা।”

ডিজিটাল দুনিয়ায় ভোট প্রচারের এই লড়াই শেষমেশ কোন পথে গড়ায়, তা সময়ই বলবে। তবে স্পষ্ট—ভোটের আগে ভার্চুয়াল ফ্রন্টেই জমতে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.