নিজস্ব সংবাদদাতা: আর জল্পনা নয়, অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তৃণমূলে (TMC) ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন তাঁর দীর্ঘদিনের সহচরী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে দলীয় উত্তরীয় পরিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান তৃণমূলের শীর্ষ নেতারা সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাস।
সাংবাদিক বৈঠকে সুব্রত বক্সী বলেন,
“শোভন চট্টোপাধ্যায় তৃণমূলের ঘরের ছেলে। আজ ঘরের ছেলে ঘরে ফিরলেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি আবার মানুষের উন্নয়নমূলক কাজে অংশ নেবেন।”
অরূপ বিশ্বাসও একই সুরে জানান,
“আমরা তাঁকে এবং বৈশাখীদেবীকেও উষ্ণ অভ্যর্থনা জানাই। আগামী দিনে দলকে আরও শক্তিশালী করতে তাঁদের সক্রিয় ভূমিকা থাকবে।”
দলে ফিরে আবেগঘন প্রতিক্রিয়ায় শোভন চট্টোপাধ্যায় বলেন,
“এ আমার নিজের ঘর, নিজের সংসার। এর সঙ্গে আত্মিক যোগাযোগ রয়েছে। দিদির আশীর্বাদেই আজ ঘরে ফেরা। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন, আমি সেই দায়িত্ব পালন করব। দলকে শক্তিশালী করতে মাঠে নামব, ঘরকে আরও দৃঢ় করব।”
দলে যোগদানের পর সরাসরি তৃণমূল ভবন থেকে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান শোভন-বৈশাখী যুগল।
এর আগে তৃণমূলের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে বিকেল ৩টের সাংবাদিক বৈঠকের ঘোষণা করা হয়েছিল— “হেভিওয়েট যোগদান” হবে বলে ইঙ্গিতও দেওয়া হয়। সেই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় জল্পনা, যা অবশেষে সোমবার বিকেলে বাস্তবে পরিণত হয়।
রাজনৈতিক মহলের মতে, ২০২6-এর রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূলের জন্য এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা।
প্রসঙ্গত, গত মাসেই উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শোভন চট্টোপাধ্যায় সেখানে পৌঁছনোর পর থেকেই ফের তাঁর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। তারও আগে ২৫ সেপ্টেম্বর কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায়। এরপর তাঁর হাতে NKDA-র চেয়ারম্যান পদ আসায় সেই জল্পনা আরও দৃঢ় হয়।
অবশেষে সোমবার তা আনুষ্ঠানিক রূপ পেল।
ছাব্বিশের মহারণের আগেই ঘরে ফিরলেন ঘরের ছেলে শোভন চট্টোপাধ্যায় — দলীয় মহলে শুরু নতুন অধ্যায়।







