বিনোদন

বাদল সরকারের নাটক ‘পাগলা ঘোড়া’-র ছায়ায় শেখর দাসের নতুন ছবি

অনেক দিন পরে ফের পরিচালনায় ফিরছেন প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা শেখর দাস। তাঁর নতুন ছবি হতে চলেছে বাদল সরকারের বিখ্যাত নাটক ‘পাগলা ঘোড়া’-র আধারে। চার পুরুষ ও এক তরুণীর অন্ত্যেষ্টি ঘিরে গড়ে উঠবে এই ছবির কাহিনি, যেখানে উঠে আসবে প্রেম, অতীত সম্পর্ক এবং জীবনের নানা বাঁক। সূত্রের খবর, এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন গার্গী রায়চৌধুরী। তাঁর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্তকে। দীর্ঘদিন ধরে চলা পরিকল্পনার পর অবশেষে শুরু হচ্ছে ছবির শুটিং।

প্রথমে শোনা গিয়েছিল, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিতে অভিনয় করবেন। কিন্তু নিজের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে ব্যস্ত থাকায়, শেষ পর্যন্ত তিনি অভিনয় থেকে সরে দাঁড়ান। তাঁর পরিবর্তে শেখর দাস বেছে নিয়েছেন সুজন মুখোপাধ্যায়কে। সুজনের বিপরীতে থাকছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ। ছবিতে আরও অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায় ও দীর্ঘয়ী পাল। জানা যাচ্ছে, তিনটি জুটি ছাড়াও আরও একটি জুটি দেখা যাবে এই ছবিতে, যাদের পরিচালক বেছে নিয়েছেন নাট্যদল থেকেই। ইতিমধ্যেই বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীদের লুক সেট হয়ে গিয়েছে। গার্গীর লুক সেট হওয়াটাও শেষ হয়েছে সম্প্রতি।

শুটিং শুরু হবে আগামী ১৯ জুন থেকে, কলকাতার বিভিন্ন লোকেশনে তৈরি হবে সেট। তবে এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থা, পরিচালক কিংবা অভিনেতা-অভিনেত্রীদের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে, ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে স্বভূমি এন্টারটেইনমেন্ট। দর্শকদের মধ্যে এই ছবিকে ঘিরে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। বহুদিন পরে ফের একবার বড়োপর্দায় ফেরার অপেক্ষায় শেখর দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.