ছত্তিশগড়ের কোরবা জেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আচরণ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, করাতলা ব্লকের অন্তর্গত পারসাভান্থা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রপাল পাইকারা প্রতিনিয়ত মদ্যপ অবস্থায় স্কুলে আসেন, ক্লাসে ঘুমিয়ে পড়েন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম পর্যন্ত জানেন না।
স্থানীয় গ্রামবাসীরা শিক্ষকের মদ্যপ অবস্থায় স্কুলে আসার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করেছেন। সেই ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষককে যখন প্রশ্ন করা হয় দেশের প্রধানমন্ত্রীর পূর্ণ নাম কী বা রাজ্যের মুখ্যমন্ত্রী কে, তখন তিনি অসংলগ্ন উত্তর দেন। তিনি বলেন—রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি রমন সিং! অথচ বর্তমানে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণুদেব সাই। রমন সিং ২০১৮ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
ঘুমিয়ে পড়েন স্কুলেই
অভিযোগ, প্রধান শিক্ষক প্রায়ই ক্লাসে ঘুমিয়ে পড়েন। গ্রামবাসীরা বলেন, এভাবে বছরের পর বছর চললেও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি শিক্ষক নিজেই প্রকাশ্যে বলেন—“বেশি হলে কয়েক দিনের জন্য সাসপেন্ড করা হবে, চাকরি যাবে না।”
তদন্তে নেমেছে শিক্ষা দপ্তর
ঘটনার জেরে ব্লক শিক্ষা আধিকারিক ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত চালিয়ে জেলা শিক্ষা আধিকারিকের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। অভিযোগ অনুযায়ী, বর্তমানে ওই স্কুলে মোট ৪৬ জন শিক্ষার্থী পড়াশোনা করে। মাত্র দু’জন শিক্ষক থাকলেও প্রধান শিক্ষক নিয়মিত নেশার ঘোরে থাকেন। ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সরাসরি ঝুঁকির মুখে পড়ছে বলে গ্রামবাসীরা দাবি করেছেন।
গ্রামবাসীদের ক্ষোভ
অভিভাবকদের ক্ষোভ—“আমাদের সন্তানরা ভবিষ্যৎ গড়তে স্কুলে আসে। কিন্তু যে প্রধান শিক্ষক নিজেই মদ খেয়ে ঘুমিয়ে পড়েন, তিনি কীভাবে শিক্ষা দেবেন? শিক্ষা দপ্তর যদি কঠোর পদক্ষেপ না নেয়, তবে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব।”
ঘটনায় গোটা রাজ্যে আলোড়ন ছড়িয়েছে। এখন দেখার বিষয়, ছত্তিশগড় সরকার ও শিক্ষা দপ্তর এই মদ্যপ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে।







