দেশ

“আমি মৃত্যু দেখেছি সামনে থেকে”— লালকেল্লার বিস্ফোরণের ভয়াল সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী

নয়াদিল্লি: সোমবার সন্ধ্যা নামতেই কেঁপে উঠল রাজধানী। ঐতিহাসিক লালকেল্লার পার্শ্ববর্তী এলাকায় প্রবল বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির, আহত বহু। গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি চলন্ত গাড়ি থেকেই প্রথম বিস্ফোরণ হয়। গাড়ির নম্বর শুরু হচ্ছিল HR-26 দিয়ে, শেষ ছিল 7674। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “প্রথম বিস্ফোরণের পর একে একে সিএনজি গাড়িতেও আগুন ধরে যায়। মুহূর্তে পুরো এলাকা আগুনে ঘেরা পড়ে।”

সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক রক্তাক্ত অটোচালক বলেন, “আমি দু’ফুট দূরে ছিলাম। এক সেকেন্ডে সব শেষ। চোখে-মুখে আগুনের ঝলক।” স্থানীয় দোকানদারের বক্তব্য, “এমন আওয়াজ জীবনে শুনিনি। তিনবার পড়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এখনই সব শেষ।”

এদিকে বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগেই ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, শ্রীনগরে জইশ-ই-মহম্মদের সমর্থনে পোস্টার লাগানোর অভিযোগে ধৃত এক চিকিৎসককে জেরা করেই ওই বিস্ফোরকের হদিশ মেলে। ফলে প্রশ্ন উঠছে — এই বিস্ফোরণের নেপথ্যে কি জইশ-ই-মহম্মদের জঙ্গি যোগ রয়েছে?

ঘটনাস্থলে পৌঁছেছে এনআইএ, এনএসজি, দিল্লি পুলিশের স্পেশাল সেল ও ক্রাইম ব্রাঞ্চ। তল্লাশি চলছে এলাকা জুড়ে। বিস্ফোরণস্থল পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আহতদের সঙ্গে কথা বলেন হাসপাতালে।

রাজধানীর অন্যতম সুরক্ষিত এলাকায় এমন বিস্ফোরণ নিরাপত্তা বলয় নিয়েই প্রশ্ন তুলছে। তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। তবে এখনই চূড়ান্ত মন্তব্যে যেতে নারাজ কেউই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.