সোমবার রাতে দিল্লিতে যে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, তার মূল পরিকল্পনাকারীর প্রথম ছবি অবশেষে প্রকাশ্যে এল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই গাড়ির বর্তমান মালিক উমর মহম্মদকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ ও তদন্তকারী সংস্থা মনে করছে, রাজধানী জুড়ে ব্যাপক ধরপাকড়ের কারণে কিছুটা আতঙ্কিত হয়েই বিকেলে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
তদন্তের জন্য পুলিশ ইতিমধ্যেই শতাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে। সেই ফুটেজগুলো থেকেই জানা গিয়েছে, সোমবার বিকেল ৪টার দিকে উমরের গাড়িটি সুনহেরি মসজিদের পার্কিং লটে প্রবেশ করে। সেখানে প্রায় তিন ঘণ্টা থাকার পর গাড়িটি পার্কিং লট থেকে বের হয়।প্রাথমিক অনুমান, ফরিদাবাদের আল ফালাহ মেডিক্যাল কলেজের চিকিৎসক উমর মহম্মদের মাধ্যমেই গাড়ির ভেতরে ডেটোনেটর রেখে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ফুটেজে দেখা গেছে, গাড়ি চালানোর সময় একজন ব্যক্তি চালকের আসনে বসে ছিলেন।
বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে চালকের আসনে মাস্ক পরা একজন ব্যক্তিকে দেখা গেছে। তবে মাঝপথে উমর নেমে গিয়ে অন্য কেউ গাড়ির চালকের আসনে বসেছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। ফলে তদন্তকারীরা নিশ্চিতভাবে বলতে পারছেন না, এই ঘটনায় উমরের মৃত্যু হয়েছে, নাকি সে গা ঢাকা দিয়েছে।তবে তদন্তকারীরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন, উমরের মূল পরিকল্পনা ছিল দুই সঙ্গীকে নিয়ে আত্মঘাতী হামলা চালানো। এই বিপুল ধরপাকড় এবং এই বিস্ফোরণের পেছনে আর কারা জড়িত, তা জানতে জোর কদমে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।







