ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা ! প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ উঠেছে । সেই অভিযোগের ভিত্তিতেই তল্লাশি চালাতে যায় ইডি । চৈতন্য বাঘেলের মদ সংক্রান্ত এক কেলেঙ্কারির সাথে নাম যুক্ত থাকার অভিযোগ উঠেছে ।
ইডি সূত্রে খবর , শুক্রবার সকালে ছত্তিশগড়ের ভিলাই শহরের তাদের বাড়িতে হানা দেয় ইডি । সেই বাড়িতে একসাথেই থাকেন চৈতন বাঘেল ও ভুপেশ বাঘেল । পিএমএলএ বা মানি লন্ডারিং রোধ আইন-এর মতো কঠিন এক আইনের আওতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তল্লাশি চালায় । ইডি সূত্রে খবর, এই মামলায় চৈতন্য বাঘেলের বিরুদ্ধে নতুন কিছু তথ্য ও প্রমাণ তাদের হাতে এসেছে , তাই এই তল্লাশি চালানো হয় ।
ইডি-র তরফে খবর, এই তথাকথিত ‘মদের দুর্নীতি’ রাজ্য সরকারের রাজস্বের ক্ষেত্রে বিপুল ক্ষতি করেছে । এছাড়াও ইডির দাবী এই কেলেঙ্কারিতে একটি লিকার সিন্ডিকেটের সুবিধাভোগীদের পকেটে কালো টাকা ঢুকেছে প্রায় ২,১০০ কোটিরও বেশি । এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সন্দেহ , এই কেলেঙ্কারির লভ্যাংশের একটি বড়সড় অংশ সরাসরি চৈতন্য বাঘেলের কাছে পৌঁছেছে । তাই শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে এই তল্লাশি চালায় ইডি ।







