পূর্ব মেদিনীপুরের ময়নায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। প্রায় তিন মাস ধরে সরকারি প্রকল্পের অর্থ না মেলায় সোমবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, ময়না ব্লকের প্রায় বারো হাজার মহিলা টানা তিন মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না। সেই দাবিতেই এদিন তমলুক জেলা বিজেপির নেতৃত্বে প্রায় তিন হাজার মহিলা ঝাঁটা হাতে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন।
তবে বিডিও অফিসের গেটের সামনেই বাধা দেয় পুলিশ। গেট বন্ধ করে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। এরপরই পুলিশের সঙ্গে মহিলাদের ধস্তাধস্তি ও হাতাহাতি শুরু হয়। ঘটনাস্থলে চরম উত্তেজনা ছড়ায়। কয়েকজন বিক্ষোভকারী মহিলা আহত হন, কারও মাথায়, কারও কপালে আঘাত লাগে।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বন্ধ থাকা লক্ষ্মীর ভান্ডার চালু করতে হবে। না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে জেলা শাসকের দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর থেকেই ময়না বিডিও অফিস চত্বরে টহলদারি জোরদার করেছে পুলিশ।







