খেলাধুলা

ইডেনের পিচে অসন্তুষ্ট গম্ভীর, ‘স্পিন চাই আরও’— স্বীকার কিউরেটরের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টের আগে পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় দলের চাওয়া মতো স্পিন সহায়ক পিচ হয়নি বলে অসন্তোষ প্রকাশ করেছেন কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল। কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন, গম্ভীরেরা পিচে আরও একটু স্পিন চাইছিলেন, যদিও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দাবি করেছেন, দলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক অনুরোধ পাননি।

মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা অনুশীলনের পর গম্ভীর, শুভমন, ব্যাটিং কোচ সিতাংশু কোটাক ও বোলিং কোচ মর্নি মর্কেল একসঙ্গে পিচ পর্যবেক্ষণ করেন। পরে কিউরেটর সুজনকে ডেকে ১৫ মিনিটের বৈঠকে নিজেদের অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। দলের প্রত্যাশা অনুযায়ী ‘স্পিন-সহায়ক’ পিচ না হওয়ায় কিছুটা হতাশ ভারতীয় শিবির।

পরে সুজন মুখোপাধ্যায় স্বীকার করেন, “হোম টিমের সঙ্গে যেরকম আলাপ হয়, তেমনই কথা হয়েছে। ভারতীয় দল একটু বেশি স্পিন সহায়ক পিচ চেয়েছিল, খুব বেশি নয়। যেমন হয়েছে, তার থেকে আর একটু বেশি ঘুরুক, এমনটাই চেয়েছিল।”

ইডেনের বর্তমান পিচের অবস্থা অনুযায়ী, মূল উইকেটে গত এক সপ্তাহ জল দেওয়া হয়নি। মাটি শক্ত, উপরের স্তর শুকনো এবং কিছু জায়গায় অল্প ঘাস রয়েছে, যা প্রায় শুকিয়ে গেছে। অর্থাৎ পিচ বাদামি ও শক্ত হলেও প্রথম দুই দিন ব্যাটিংয়ের জন্য ভালো, ম্যাচ গড়ালে স্পিনাররা সুবিধা পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, “পিচ নিয়ে কোনও অনুরোধ আমরা পাইনি। পিচ যথেষ্ট স্পোর্টিং। ব্যাট-বলের লড়াই হবে।” কিউরেটর সুজনও বলেছেন, “সবাই কিছু না কিছু সাহায্য পাবে। যত খেলা এগোবে, তত স্পিনারদের সহায়তা করবে ইডেনের উইকেট।”

ভারতীয় দলে রয়েছেন জাডেজা, কুলদীপ যাদব, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরের মতো চারজন স্পিনার। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে তুলনামূলক দুর্বল হওয়ায়, ভারতীয় দলের পরিকল্পনা ছিল স্পিননির্ভর উইকেট তৈরি করা। তবে বর্তমান পরিস্থিতিতে ইডেনের পিচ সেই পরিকল্পনার সঙ্গে কতটা খাপ খায়, সেটিই এখন বড় প্রশ্ন।

অনুশীলনের দিন অধিকাংশ ভারতীয় ক্রিকেটারই উপস্থিত ছিলেন। অধিনায়ক শুভমন গিল প্রায় দেড় ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেন। কোচ গম্ভীর ও ব্যাটিং কোচ কোটাকের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে শুভমন মুখোমুখি হন বুমরাহ ও নীতীশ রেড্ডির বলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই টেস্টে ইডেনের ২২ গজ কতটা ‘স্পিনময়’ হয়, এখন তাকিয়ে সেই দিকেই ক্রিকেটবিশ্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.