টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ভারতীয় দলের ড্রেসিংরুমে স্পষ্ট বার্তা—ব্যক্তিগত সাফল্য নয়, দলের স্বার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শনিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই আবারও তুলে ধরলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাশাপাশি প্রশংসায় ভরিয়ে দিলেন উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসনকে।
বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে রান পাননি সঞ্জু। ফর্মে না থাকায় বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচেও সুযোগ পাননি তিনি। নামিবিয়ার বিরুদ্ধেও ব্যর্থ হন। কিন্তু সেই সময়েও নিজের প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি স্যামসন—সেটাই এবার তুলে ধরলেন সূর্য।
অধিনায়ক বলেন, বিশ্বকাপের আগে শেষ সিরিজে প্রথম সারির ব্যাটার হিসেবে ছিলেন অভিষেক শর্মা, ঈশান কিশন ও সঞ্জু স্যামসন। দলের ভারসাম্য রাখতে ডানহাতি-বাঁহাতি সমন্বয় করা হয়েছিল। সেই কৌশল দলকে সুবিধা দিয়েছে বলেই মনে করেন তিনি।
তবে দলে সুযোগ না পেলেও স্যামসনের মানসিকতা নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের। সূর্যের কথায়,
“সঞ্জু যখন খেলছিল না, তখনও অনুশীলনে ওর পরিশ্রম আমরা দেখেছি। দলের জন্য যা যা করা সম্ভব, সবই করত অনুশীলনে। দলের বাইরে থাকার সময় যে পরিমাণ পরিশ্রম করেছে, এখন তারই প্রতিদান পাচ্ছে। শেষ কয়েকটি ইনিংসে যেভাবে ব্যাট করছে, সেটা ওই কঠোর পরিশ্রমেরই ফল।”
প্রথম একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতেই স্পষ্ট জবাব দিয়েছেন সূর্য। তাঁর মতে, কোনও সিদ্ধান্তই এককভাবে নেওয়া হয় না। অধিনায়ক এবং প্রধান কোচ গৌতম গম্ভীর আলোচনার ভিত্তিতেই প্রতিটি সিদ্ধান্ত নেন।
তিনি বলেন,
“কঠিন সিদ্ধান্তগুলো আমরা দু’জনে একসঙ্গে নিই। ব্যক্তিগত ভাবে কেউ সিদ্ধান্ত নেই না। আমরা ভাবি কী করলে দল লাভবান হবে। প্রতিটি ম্যাচের পরিস্থিতি, প্রতিপক্ষ ও পিচ—সব কিছু বিচার করেই দল বেছে নেওয়া হয়।”
সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের আগে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে প্রথম একাদশের বাইরে রাখা নিয়েও খোলাখুলি কথা বলেছেন সূর্য। তিনি জানান, সেই সিদ্ধান্ত নেওয়ার আগে অক্ষরের সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং কারণ স্পষ্টভাবে জানানো হয়।
সূর্যের মতে, দলের প্রত্যেক ক্রিকেটারই অভিজ্ঞ এবং পেশাদার। তাই দলের স্বার্থে নেওয়া কঠিন সিদ্ধান্তগুলো তাঁরা বুঝতে পারেন।
ফাইনালের আগের দিন অধিনায়কের বার্তা পরিষ্কার—ভারতীয় দলের কাছে ব্যক্তিগত নাম বা পরিচয় নয়, সবচেয়ে বড় বিষয় হল দল। আর সেই নীতিতেই সাজানো হচ্ছে প্রথম একাদশ।







