বুধবারই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অবসরের পর , বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেন তিনি । বিমানবন্দর থেকে , বাড়ি পর্যন্ত , সর্বত্রই দেখা যায় অশ্বিন অনুরাগীদের । বাড়ি ফিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন অ্যাশ আন্না ।
অনুরাগীদের উদ্দেশ্যে , অশ্বিন জানান , “অনেক মানুষেরই আবেগ রয়েছে। সেটাকে সমীহ করি। আস্তে আস্তে সব সয়ে যাবে। তবে আমার কাছে এটা বিরাট শান্তি এবং তৃপ্তির ব্যাপার।” তিনি আরো বলেন , “আর তো ভেবে লাভ নেই। আমার কাজ শেষ। কোনও আক্ষেপ নেই। আমি অনেক মানুষকে দেখেছি দূর থেকে আক্ষেপ করতে। আমি সে ভাবে জীবন কাটাতে চাই না।”
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও , এখনো পুরোপুরি ক্রিকেটকে বিদায় নয় । আইপিএল খেলবেন অশ্বিন । তিনি বলেন , “এখনই কোনও পরিকল্পনা নেই। একটু আরাম করতে চাই। তবে চুপচাপ বসে থাকার ছেলে নই। সিএসকে-র হয়ে খেলতে নামব। যদি দীর্ঘ দিন খেলতে পারি তা হলে অবাক হবেন না। ক্রিকেটার অশ্বিন এখনও শেষ হয়ে যায়নি। তবে ভারতীয় ক্রিকেটার হিসাবে অশ্বিনের যাত্রা শেষ হয়েছে।”







