বলিউডে যেন একের পর এক অসুস্থতার খবর। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার জেরে যখন চিন্তায় ভক্তরা, ঠিক তখনই এবার বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা প্রেম চোপড়া।
জানা গিয়েছে, সোমবার রাতে বুকে সংক্রমণজনিত সমস্যা বাড়লে ৯০ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং হৃদরোগের সমস্যাও রয়েছে। বর্তমানে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নীতিন গোখেলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেম চোপড়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তাঁকে আইসিইউতে রাখা হয়নি এবং অবস্থা আপাতত সংকটজনক নয়।
শনিবার থেকেই বুকে সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল অভিনেতার। অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।
১৯৬০-এর দশক থেকে ৯০-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বলিউডের একের পর এক জনপ্রিয় ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিলেন প্রেম চোপড়া। তাঁর সংলাপ, “প্রেম নাম হ্যায় মেরা, প্রেম চোপড়া”— আজও বলিউডপ্রেমীদের মুখে মুখে ঘোরে।
চলচ্চিত্র জগতে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য ভক্ত।







