আরজিকরকাণ্ডে নির্যাতিতার ময়নাতদন্ত আরজিকরে করা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক। এহেন আবহেই এবার সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেস একটি নথি পোস্ট করে। যাতে দাবি, জুনিয়র ডাক্তাররাই ময়নাতদন্ত চেয়েছিলেন আরজিকরে হোক এবং ময়নাতদন্তের নথি সই রয়েছে তঁদের।
তাতে আজ জুনিয়র ডাক্তাররা মেনে নেন, সংশ্লিষ্ট নথিতে তাঁদের স্বাক্ষর ছিল। তবে একজন বিস্ফোরক অভিযোগ তোলেন যে, উচ্চপদস্থ আধিকারিকরা বিষয়টিকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন সেই দিন।
সেই একজনের দাবি, অর্থাৎ কিঞ্জল নন্দের উবাচ, ‘৯ অগস্ট সকালে আমরা খবর পাই চেস্ট বিভাগের সেমিনার রুমে এক জন পিজিটি দ্বিতীয় বর্ষের ছাত্রী আত্মহত্যা করেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বুঝতে পারি আত্মহত্যা নয়, ধর্ষণ এবং খুন। তবে অভয়ার ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে যে বিভ্রান্তিকর খবর ছড়ানো হয়েছে, সেই নিয়ে আমরা কিছু বলতে চাই। আমরা চেয়েছিলাম, কোনও ভাবেই যেন ওই ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া না হয়। আমাদের স্বল্প জ্ঞানে সেই চেষ্টাই করেছিলাম। সমাজমাধ্যমে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা জানাই।’
আন্দোলনরত চিকিৎসকদের দাবি, আরজিকরকাণ্ডে মৃত্যুকে আত্মহত্যার দিকে টানার প্রয়াস চলছে। তাঁরা প্রথমে খবর পান, কর্মক্ষেত্রে এক সেকেন্ড ইয়ার পিজিটি চিকিৎসক আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন, এটি নারকীয় ধর্ষণ ও হত্যা। যার কারণবশত তাঁদের দাবি ছিল, পোস্টমর্টেম প্রক্রিয়া ভালভাবে শেষ করতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিশ্চিত করা হোক। কিন্তু তাঁদের সেই দাবি উপেক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, জুনিয়র চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, তাঁদের ১০ দফা দাবি যতক্ষণ না মানা হচ্ছে পূর্ণ কর্মবিরতি চলবে।






