খেলাধুলা

ইডেনে গোলাপি টেস্টের পর টেস্ট ক্রিকেটের প্রত্যাবর্তন: বুমরাহ-সিরাজের দাপটে ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

প্রায় ছ’বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে ফিরল টেস্ট ক্রিকেট। সেই চির-আলোচিত ঐতিহাসিক গোলাপি টেস্টের পর শীতের নভেম্বরে আবারও ক্রিকেটের নন্দনকানন দেখছে লাল বলের মহারণ। আর এই ম্যাচে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার ‘দুরন্ত দৌড়’। ভারতীয় বোলারদের দাপটের সামনে রীতিমতো হাঁসফাঁস করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা দল। চা পানের বিরতিতে যাওয়ার আগে মাত্র ৮ উইকেট খুইয়ে অনেকটাই পিছিয়ে পড়েছে প্রোটিয়া দল। এই দৃশ্য ভিড়ে ঠাসা ইডেন গার্ডেন্সে বসে উপভোগ করলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

ম্যাচের প্রথম দশ ওভার দেখে কিন্তু বোঝার উপায় ছিল না ভারতীয় বোলারদের সামনে প্রোটিয়া ব্যাটাররা কার্যত সর্ষেফুল দেখবে। দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকলটন প্রথম ১০ ওভারেই ৫৭ রান তুলে ফেলেছিলেন। কিন্তু ১১তম ওভারে আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। মারকুটে মেজাজে থাকা রিকলটনকে (৩১ রান) ফিরিয়ে দেন তিনি। ১৩তম ওভারে ফের বুমরাহ ম্যাজিক, এবার মার্করামকে (২৩ রান) তুলে নেন তারকা পেসার।এরপর প্রোটিয়া দলের অধিনায়ক টেম্বা বাভুমা (৩)-কে ফিরিয়ে দেন স্পিনার কুলদীপ যাদব। ১০৫ রানে ৩ উইকেট খুইয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় দক্ষিণ আফ্রিকা।

বিরতির পর পরিস্থিতি আরও খারাপ হয় দক্ষিণ আফ্রিকার। খুব কম সময়ের মধ্যেই প্যাভিলিয়নে ফেরে অর্ধেক দল। উইলেম মুল্ডারকে (২৪) ফেরান কুলদীপ। এরপর টনি ডি জর্জি (২৪) বুমরাহের বলে এলবিডব্লিউ-এর শিকার হন।সকালের দিকে নতুন বলে কিছুটা ব্যর্থ হয়েছিলেন মহম্মদ সিরাজ। ওভার প্রতি ৮ রান দিয়েছিলেন তিনি। কিন্তু পুরনো বল হাতে আসতেই তিনি জাত চেনালেন। সিরাজের বলেই ১৬ রানের মাথায় আউট হন কাইল ভেরেইনি। একই ওভারে মার্কো জানসেনকেও শূন্য রানে ফেরান ৩১ বছর বয়সী এই পেসার। চা পানের বিরতির ঠিক আগে অক্ষর প্যাটেল ফেরালেন করবিন বসকে (৩)।

চা পানের বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৫৪। যে গতিতে তারা রান তোলা শুরু করেছিল, বুমরাহ, সিরাজ এবং কুলদীপরা সম্মিলিতভাবে সেই গতিতে রাশ টেনে ধরেন। শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দলের লক্ষ্য থাকবে, বিরতির পর বাকি দুটো উইকেট তাড়াতাড়ি তুলে নিয়ে ব্যাট হাতে নেমে পড়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.