নিজস্ব সংবাদদাতা: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চায় এসেছিলেন বায়রন বিশ্বাস। তাঁর কেন্দ্রের যে কংগ্রেস ও সিপিআই কর্মীরা তাঁকে জেতাতে দিনের পর দিন খেটেছেন, লড়াই করেছেন, তাঁরা বায়রনের এই দলবদল মেনে নিতে পারছেন না। ভোটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করায়, এদের অনেকের মতে, বায়রন বেইমানি করেছেন। আবার সাগরদিঘির তৃণমূল কর্মীরা বায়রনকে স্বাগত জানিয়েছেন।
উপনির্বাচনের সময় বায়রনের হয়ে লড়তে গিয়ে জেল খেটেছিলেন কংগ্রেস নেতা সাইদুল শেখ। এ দিন দলবদলের খবর পাওয়ার পরে তীব্র ক্ষোভে সটান সাগরদিঘির পার্টি অফিসে চলে যান তিনি। সেখানে থাকা বায়রনের ছবিগুলিতে আগুন ধরিয়ে দিতে দেখা যায় তাঁকে। তিনি বলেন, ‘ক্ষমতা থাকলে পদত্যাগ করে আবার নির্বাচনে লড়ুন বায়রন।
ভোটের সময় এক মাস ধরে পরিশ্রম করেছি ওঁর জন্য। তার প্রতিদান এই হবে, তা ভাবতে পারিনি।’ কংগ্রেস নেতা হামিদ শেখ বলেন, ‘এই ধরনের বিশ্বাসঘাতকতা করবে, তা আগে ভাবা যায়নি। কংগ্রেস ও সিপিএমের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলাম ওঁকে জেতানোর জন্য। সাগরদিঘির মানুষ আমাদের সঙ্গেই রয়েছেন।’ বিজেপি জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষ বলেন, ‘মানুষের রায়কে অসম্মান করলেন ওই বিধায়ক। তৃণমূলের ফাঁদে পা দিলেন তিনি।’ একই ধরনের ক্ষোভ দেখা গিয়েছে সাধারণ মানুষের একাংশের মধ্যেও।







