নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: তৃণমূলের ‘নব জোয়ার কর্মসূচি’র ১ মাস ৬ দিন পেরনোর পর অবশেষে পূর্ব মেদিনীপুর জেলায় পা রাখছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই জেলায় পৌঁছে যাচ্ছেন অভিষেক। আজ থেকে জেলায় শুরু নব জোয়ার কর্মসূচি। আর ঘটনাচক্রে তিনি রাত্রি যাপন করবেন শুভেন্দুর বাড়ির অদূরেই। চলছে তারই প্রস্তুতি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করবে। পশ্চিম মেদিনীপুরের সবং দেহাটি ব্রিজ হয়ে পটাশপুরে প্রবেশ করবে বিকেলে। পটাশপুর বাজারে তাঁকে স্বাগত জানাবেন কাঁথি সাংগঠনিক জেলার নেতা থেকে কর্মী সমর্থকেরা।
পটাশপুর এলাকায় বিপুল সমাগম হওয়ার কথা। সেখান থেকে নব জোয়ার যাত্রা আসবে খড়াই বাজার হয়ে এগরা। এগরা থেকে কুদি ও পানিপারুল রুটে রোড শো করে দেপাল হয়ে মইতানা শহিদ বেদিতে মাল্যদান কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় ৩৫০ বছরের পুরনো জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে মাজনা রুট ধরে কাঁথিপুর এলাকায় প্রবেশ করবে কনভয়।
কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড লাগোয়া সুভাষ মেলা ময়দানে যা অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ থেকে খুব জোর ৫০০ মিটার বলা চলে এখানেই রাত্রি যাপন করবেন অভিষেক। তাঁরই প্রস্তুতি চলছে জোর কদমে। শান্তি কুঞ্জ-র একেবারে কাছে বলেই কি এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে রাত্রি যাপনের জন্য?
বিষয়টিকে তেমনভাবে না দেখে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, “ঘটনাচক্রে এই জায়গাটি পছন্দ হয়েছে রাত্রি যাপনের জন্য। অনেক তাঁবু খাটানো হবে। তাই একটু বড় জায়গার প্রয়োজন। অন্যান্য জেলাতেও একই ধরনের জায়গা থেকে তাঁবু খাটানো হয়েছে। তাই এই জেলাতে বিশেষ কোনও কারণ নেই।







