ইডেন টেস্টের দ্বিতীয় দিনটা ভারতীয় দলের জন্য মিশ্র অনুভূতি নিয়ে শুরু হলো। একদিকে যেমন অধিনায়ক শুভমান গিল চোট নিয়ে মাঠ ছাড়লেন, যা বাড়াল অস্বস্তি, তেমনই অন্যদিকে চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থ এবং তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা গড়লেন দারুণ সব রেকর্ড, যা স্বস্তি দিল টিম ইন্ডিয়াকে।
শনিবার ইডেন গার্ডেন্সে রবীন্দ্র জাদেজা এক অসাধারণ মাইলফলক ছুঁয়ে ফেললেন, যা তাঁকে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারদের পাশে স্থান করে দিল। টেস্টে একই সঙ্গে ৪ হাজার রান এবং ৩০০ উইকেটের মালিক হওয়া মাত্র চতুর্থ ক্রিকেটার হলেন ‘স্যার’ জাদেজা।
বর্তমানে জাদেজার ঝুলিতে রয়েছে ৩৩৮ উইকেট এবং শনিবার তিনি ৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন। তাঁর আগে এই রেকর্ড রয়েছে কেবল ইয়ান বোথাম (৫২০০ রান, ৩৮৩ উইকেট), কপিল দেব (৫২৪৮ রান, ৪৩৪ উইকেট) এবং ড্যানিয়েল ভেত্তোরির (৪৫৩১ রান, ৩৬২ উইকেট)।জাদেজা এই কীর্তি গড়েছেন দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে। মাত্র ৮৭ টেস্টে এই মাইলফলক ছুঁয়ে তিনি পেছনে ফেললেন অনেক কিংবদন্তিকে। এই তালিকায় ইয়ান বোথাম ৭২ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন, তাঁর পরেই নাম লেখালেন জাদেজা।
দ্বিতীয় দিনের শুরুতে ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল ধৈর্য ধরে ব্যাট করছিলেন। কিন্তু হার্মারের ঘূর্ণিতে সুন্দর (২৯) আউট হওয়ার পর ভারত বড় ধাক্কা খায়। ভালো ফর্মে থাকা অধিনায়ক শুভমান গিল মাত্র ৩ বল খেলে ঘাড়ের পিছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। জানা গেছে, সকাল থেকেই তিনি ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন, যা ফিজিওদের চেষ্টাতেও কমেনি। তবে টিম ইন্ডিয়া আশাবাদী যে গিলের চোট গুরুতর নয়।গিলের বদলে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক ঋষভ পন্থ স্বমহিমায় খেলেন। দীর্ঘদিন পর মাঠে ফিরে তিনি কেশব মহারাজকে গগনচুম্বী ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। টেস্টে ভারতীয়দের মধ্যে তাঁর ছক্কার সংখ্যা এখন ৯১, যা ভিভিএস লক্ষ্মণের (৯০ ছক্কা) রেকর্ড ভেঙে দিয়েছে। যদিও পন্থও ২৯ রানে আউট হন। অন্যদিকে, লড়াকু ইনিংসের পর কে এল রাহুলকে ফিরিয়ে দেন কেশব মহারাজ।
মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ৪ উইকেটে ১৩৮। ভারত তখনও ২১ রানে পিছিয়ে। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন রেকর্ড গড়া জাদেজা এবং ধ্রুব জুরেল।







