মারাত্মক বিস্ফোরণে একসঙ্গে সাতজনের মর্মান্তিক মৃত্যু। আহত বেশ কয়েকজন। দত্তপুকুরের বাজি বিস্ফোরণের ঘটনা জুড়ে চাঞ্চল্য সর্বত্র। পুলিস জানতে পেরেছে, ভিন জেলার কারিগরদের সঙ্গে নিয়ে কেরামত আলি এই কারবার শুরু করেছিল। এবার উক্ত ঘটনা নিয়ে বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল সোমবার যাচ্ছে দত্তপুকুরে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধিদল সেখানে যাবে, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতে বাজি বিস্ফোরণ ইস্যুতে শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকারের প্রতি কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দুর উবাচ, ‘এগরার ঘটনার পর বেআইনি কারখানা আর থাকবে না বলেই আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। পুরো রাজ্যটাই বেআইনি ভাবে চলছে। বলা হয়েছিল বাজি কারখানার শ্রমিকদের আলাদা কর্ম সংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু কিছুই হয়নি।’
অন্যদিকে দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দায় কার? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করতে চলেছেন বিজেপির পরিষদীয় দল। ইতিমধ্যে সেখানে গিয়ে ঘুরে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।







