সোমবার , ঐতিহাসিক রায়দানের সাক্ষী থাকলয়বাংলাদেশ সহ গোটা বিশ্ব। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হলো। মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি । তিন ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে শেখ হাসিনাকে । পাশাপাশি, এই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে আরো ২ জন – বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন । এই দুজন সহ হাসিনা , তিনজনের বিরুদ্ধেই প্রমাণিত হয়েছে গণহত্যার অপরাধ । শেখ হাসিনার পাশাপাশি , ফাঁসির সাজা দেওয়া হয়েছে , প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও । অপরদিকে , রাজসাক্ষী হওয়ার দরুন পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে ।
তবে অপরদিকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়কে কার্যত বিচারের নামে প্রহসন বলেই কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার রায় ঘোষণার পরই হাসিনার প্রতিক্রিয়া – গোটা ঘটনাই ‘রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত’ ।
এদিন রায় ঘোষণার পরই , আওয়ামী লীগের সমাজ মাধ্যমে পোস্ট হয়েছে , হাসিনার প্রতিক্রিয়া। সেখানেই হাসিনার বার্তা , “এই রায় পক্ষপাতদুষ্ট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ওঁরা ওঁদের চরমপন্থী ভাবধারাকে মানুষের সামনে তুলে ধরেছে। এই নামমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের দেওয়া রায়ের কোনও ভিত্তি নেই।”
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায় , “ইউনূস সরকার নিজের ব্যর্থতা ঢাকতে দেশের বিচার বিভাগকে অস্ত্র হিসাবে ব্য়বহার করছে। বাংলাদেশ ট্রাইবুন্যালের এই রায়কে কোনও পেশাদার আইনজীবী সমর্থন করবেন না।” তিনি আরো বলেন , “নামে আন্তর্জাতিক লেখা থাকলেও, কাজে নয়। এটা স্পষ্ট, ইউনূস সরকার নিজেদের রাগ মেটাতে এই আদালতকে ব্যবহার করেছে। আমি আগে ওঁদের চ্যালেঞ্জ করেছি। আবারও করছি। সাহস থাকলে আমার বিরুদ্ধে হগে স্থিতু আন্তর্জাতিক অপরাধ আদালতে যান। আমি এটাও জানি, ওরা যাবে না। কারণ, আইসিসি আমাকে রেহাই দেবে।”







