জেলারাজনীতি

কাঁথিতে সমবায় নির্বাচনে তৃণমূলের একতরফা দাপট, শুভেন্দুর গড়ে বিজেপির ‘অনুপস্থিতি’

নিজস্ব সংবাদদাতা: গত সেপ্টেম্বরে সমবায় সমিতির ‘ডেলিগেট’ নির্বাচনে ৫২টির মধ্যে ৪৮টি আসন দখল করেই ইঙ্গিত মিলেছিল—কাঁথির সমবায় রাজনীতিতে কতটা প্রভাব বিস্তার করেছে তৃণমূল। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও সেই চিত্র বদলাল না। বরং আরও স্পষ্ট হল বিরোধীদের কার্যত শূন্য উপস্থিতি।

পেটুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন তৃণমূল সমর্থিত সকল প্রার্থী। নির্দিষ্ট সময়সীমা পেরনোর পর মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়—একটিও মনোনয়ন জমা না পড়ায় কোনও প্রতিপক্ষ নেই শাসকদলের প্রার্থীদের। ফল ঘোষণার পরেই সবুজ আবিরে ভরে ওঠে কাঁথি; উৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

এই ফলাফলকে কেন্দ্র করে আবারও নতুন করে চর্চা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জমিতে বিজেপির সাংগঠনিক শক্তি নিয়ে। অনেকে মনে করছেন, দলের স্থানীয় স্তরে নিষ্ক্রিয়তা ও দুর্বলতার প্রতিফলনই ঘটেছে সমবায়ের এই নির্বাচনেও। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত বিজেপি বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

অন্য দিকে, তৃণমূলের নেতারা এ জয়কে সাধারণ মানুষের আস্থার প্রতিফলন বলেই দাবি করছেন। দেশপ্রাণ ব্লক তৃণমূল সভাপতি দেবাশিস ভুঁইয়া, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি অজয় সাউ এবং দারিয়াপুর অঞ্চল সভাপতি দীপক গিরি বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন—“এই ফল মানুষের সমর্থনেরই প্রতিফলন।”

শুভেন্দুর গড়ে তৃণমূলের এই একচ্ছত্র আধিপত্য আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.