খেলাধুলা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সম্মান: বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরকে ডি.লিট উপাধি

কলকাতার শিক্ষাক্ষেত্র থেকে এক দারুণ খবর এল। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ সম্মাননা দিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে ডক্টর অফ লিটারেচার (ডি.লিট) উপাধিতে ভূষিত করা হবে। এই প্রস্তাবটিতে বিশ্ববিদ্যালয়ের আচার্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্মতি দিয়েছেন।

সম্প্রতি ভারতীয় মহিলা দলের অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌর ইতিহাস তৈরি করেছেন। গত ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাঁর নেতৃত্বে ভারতীয় দল প্রথমবারের মতো বিশ্বজয়ের ট্রফি ঘরে তোলে। সেই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবেই যাদবপুর বিশ্ববিদ্যালয় এই বিশেষ সম্মান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।বিশ্বকাপে হরমনপ্রীতের ব্যাট থেকে এসেছে ২৬০ রান (গড় ৩২.৫০)। এর মধ্যে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা তাঁর ৮৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি বিশেষভাবে উল্লেখযোগ্য।বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে চিরঞ্জীব ভট্টাচার্য দায়িত্ব নেওয়ার পর সমাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়। যদিও প্রথমে হাতে কম সময় থাকায় ডি.লিট দেওয়ার বিষয়ে কিছুটা সংশয় ছিল, কিন্তু বুধবার রাজভবনে আচার্য সিভি আনন্দ বোসের সঙ্গে আলোচনায় চূড়ান্ত সম্মতি আসে।

হরমনপ্রীত কৌর ছাড়াও এই সমাবর্তন অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মান জানানো হবে। এঁদের মধ্যে রয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণরামন। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যগতভাবে প্রতি বছর ২৪ ডিসেম্বর এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.