বরোদার কোটাম্বি স্টেডিয়াম এখন উৎসবের মেজাজে, কারণ সেখানে প্রথমবার আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আসর বসতে চলেছে। কিন্তু এই আনন্দের মাঝেই হঠাত দুশ্চিন্তার কালো মেঘ ঘনাল ভারতীয় শিবিরে। অনুশীলনে চোট পেলেন তারকা উইকেটরক্ষক ঋষভ পন্থ, যা নিয়ে রীতিমতো কপালে ভাঁজ পড়েছে হেডকোচ গৌতম গম্ভীরের।
ঠিক কী ঘটেছিল শনিবার? জানা গিয়েছে, কোটাম্বি স্টেডিয়ামে থ্রোডাউন বিশেষজ্ঞের বিরুদ্ধে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন পন্থ। হঠাতই একটি বল প্রত্যাশার চেয়ে বেশি লাফিয়ে উঠে তাঁর কোমরের ঠিক উপরে সজোরে আঘাত করে। যন্ত্রণায় মাঠেই লুটিয়ে পড়েন পন্থ। পরিস্থিতি দেখে তড়িঘড়ি তাঁর দিকে ছুটে যান গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফরা। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর পন্থ কোনোমতে উঠে দাঁড়ান এবং ধীরে ধীরে গ্রাউন্ড বি-র দিকে চলে যান। পন্থের এই চোট ঠিক কতটা গভীর, তা নিয়ে বোর্ড এখনও মুখ খোলেনি। তবে নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে দলের এক নম্বর উইকেটরক্ষকের চোট ম্যানেজমেন্টকে বেশ চাপে ফেলে দিয়েছে।
পন্থের ভাগ্যটা অবশ্য বেশ কয়েক বছর ধরেই খানিকটা ওঠা-নামার মধ্য দিয়ে যাচ্ছে। ২০২২-এর সেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কাটিয়ে ফিরে আসার লড়াইটা সহজ ছিল না। গত বছর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সময়ও পায়ের চোটে ভুগেছিলেন তিনি। সেই চোট সারিয়ে এনসিএ-তে রিহ্যাব শেষ করে সবে মাঠে ফিরেছিলেন, আর তার মাঝেই আবার এই ধাক্কা। যদিও ওয়ানডে ফরম্যাটে তাঁর সাম্প্রতিক ফর্ম খুব একটা নজরকাড়া নয়, তবুও দলের ভারসাম্য রক্ষায় পন্থের মতো ‘ম্যাচ উইনার’ ক্রিকেটারের বিকল্প পাওয়া কঠিন। তবে পন্থকে নিয়ে উদ্বেগ থাকলেও শনিবার বরোদায় টিম ইন্ডিয়ার বাকিদের মেজাজ কিন্তু বেশ ফুরফুরে ছিল।
অনেকদিন পর ওয়ানডে দলে ফেরা মহম্মদ সিরাজকে দেখা গেল খুদ অধিনায়ক রোহিত শর্মার কাছ থেকে ব্যাটিংয়ের ছোটখাটো টিপস নিতে। পাশের নেটে শ্রেয়স আইয়ার আর কেএল রাহুল যখন ব্যাটিংয়ে ঘাম ঝরাচ্ছিলেন, তখন রবীন্দ্র জাদেজাও নিজেকে ঝালিয়ে নিতে ব্যস্ত ছিলেন। মাঠের একপাশে আবার দল নির্বাচনের খুঁটিনাটি নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে লম্বা আলোচনায় মজে থাকতে দেখা গেল শুভমান গিলকে। এখন সবার প্রার্থনা এটাই, যেন পন্থের চোট গুরুতর না হয় এবং তিনি দ্রুত মাঠে ফিরতে পারেন।







