বাংলাদেশে সাধারণ নির্বাচন আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০টি আসনেই একযোগে ভোটগ্রহণ হতে চলেছে। একই দিনে দেশজুড়ে বহুল চর্চিত ‘জুলাই সনদ’ নিয়ে গণভোটেরও আয়োজন করা হয়েছে। কিন্তু ভোটের দিন যত এগিয়ে আসছে, ওপার বাংলার রাজনৈতিক ময়দান তত উত্তপ্ত হয়ে উঠছে। এবার সেই উত্তাপের আঁচ গিয়ে পড়ল ভোলা জেলায়, যেখানে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নে শুক্রবার রাতে ভয়াবহ অশান্তি ছড়ায়। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রায়চাঁদ বাজারে প্রচার চালানোর সময় জামায়াতে ইসলামীর কর্মীদের কিছু বিতর্কিত মন্তব্য ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত। মুহূর্তের মধ্যে কথা কাটাকাটি রূপ নেয় রণক্ষেত্রে। বেশ কয়েক ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে, বড়সড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবারের নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বেশ অন্যরকম। গত জুলাই মাসের ছাত্র-জনতার আন্দোলনের পর গঠিত হওয়া ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-সহ আটটি দলের সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছে জামায়াত। অন্যদিকে বিএনপিও নিজেদের শক্তি বাড়াতে মরিয়া। বিভিন্ন জনমত সমীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে যে, ক্ষমতার লড়াইয়ে বিএনপি সবার আগে থাকলেও দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে জামায়াত।
পুরনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ এবারের ভোটকে এক অনন্য মাত্রা দিয়েছে। তবে উৎসবের ভোটের আগে যেভাবে হিংসা ছড়িয়ে পড়ছে, তাতে সাধারণ মানুষের মনে উদ্বেগ বাড়ছে। এখন দেখার বিষয়, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বক্সের লড়াই শেষ পর্যন্ত কতটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।







