অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ক্রিকেট ইতিহাস তৈরি হলো পার্থ স্টেডিয়ামে। শুক্রবার ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে হওয়া ম্যাচে মোট ১৯টি উইকেট পড়েছে যা গত এক শতাব্দীর মধ্যে অ্যাশেজের প্রথম দিনে সর্বাধিক উইকেট পতনের রেকর্ড। স্টার্কের আগুন ঝরানো বোলিং এবং বেন স্টোকসের দুর্দান্ত ক্যাপ্টেন্সি ও বোলিং এই নাটকীয় দিনটিকে স্মরণীয় করে রাখল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। কিন্তু অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক শুরু থেকেই আতঙ্ক সৃষ্টি করেন। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে ইংল্যান্ডের ইনিংস কখনোই দাঁড়াতে পারেনি। স্টার্ক একাই ৫৮ রানে ৭ উইকেট তুলে নেন, যা তাঁর ক্যারিয়ারের ১৭তম পাঁচ উইকেট প্রাপ্তি।
ইংল্যান্ডের প্রথম সারির ব্যাটাররা প্রায় সবাই ব্যর্থ হন। জ্যাক ক্রলি শূন্য রানে স্টার্কের শিকার হন। বেন ডাকেট (২১) এবং জো রুটও (০) দ্রুত ফিরে যান। তবে হ্যারি ব্রুক (৫২) এবং অলি পোপ (৪৬) কিছুটা প্রতিরোধ গড়ে ইংল্যান্ডকে ১৭২ রান পর্যন্ত নিয়ে যেতে সক্ষম হন। মধ্যাহ্নভোজের বিরতির পর স্টার্ক ফিরে এসে অধিনায়ক স্টোকসকে (৬) বোল্ড করে এবং বাকিদের দ্রুত আউট করে দেন।
ইংল্যান্ডের স্কোর কম হলেও, তাদের বোলাররা যেন হার মানতে রাজি ছিলেন না। জোফ্রা আর্চারের কাঁচা গতির সামনে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। আর্চার দ্বিতীয় বলেই অভিষিক্ত জ্যাক ওয়েদারাল্ডকে এলবিডব্লিউ করে শূন্য রানে ফেরান। এরপর মার্নাস লাবুশেনকে (৯) বোল্ড করেন।বোলার ব্রাইডন কার্সও দুর্দান্ত বল করেন। তিনি স্টিভ স্মিথকে (১৭) স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন। উসমান খাজাও কার্সের বলে গ্লাভস ছুঁয়ে আউট হন, ফলে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় মাত্র ৩১/৪।অস্ট্রেলিয়ার মিডল অর্ডারও এরপর দাঁড়াতে পারেনি। ট্র্যাভিস হেড (২১), ক্যামেরন গ্রিন (২৪), অ্যালেক্স কেরি (২৬) প্রত্যেকেই শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ঠিক এই সময় বল হাতে তুলে নেন অধিনায়ক বেন স্টোকস। তিনি অস্ট্রেলিয়ার মধ্য ও নিম্নক্রমকে ছিন্নভিন্ন করে দেন। স্টোকস মাত্র ২৩ রানে ৫ উইকেট নিয়ে এক ঐতিহাসিক স্পেল শেষ করেন।
দিনের শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান তুলেছে। তারা এখনও ইংল্যান্ডের চেয়ে ৪৯ রানে পিছিয়ে রয়েছে। কার্সের কথায়, “আজ যারা মাঠে এসেছিলেন, তারা সত্যিই তাদের টিকিটের পুরো দাম উসুল করে নিয়েছেন।” এই ম্যাচে প্রমাণিত হলো যে, অ্যাশেজ সিরিজ তার রোমাঞ্চকর ঐতিহ্য বজায় রেখে চলছে।







