জেলা

গাজোলে এসআইআর জমা দেওয়ার আগেই অনলাইনে ভোটার নাম সাবমিট! ফর্মে ‘ভুল’ মোবাইল নম্বর—চাঞ্চল্য বাবুপুরে

গাজোল ব্লকের পান্ডুয়া অঞ্চলের বাবুপুরে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে উঠেছে বিস্ফোরক অভিযোগ। এসআইআর ফরম জমা দেওয়ার আগেই এক ভোটারের নাম নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে সাবমিট হয়ে যাওয়ায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগ তোলা হয়েছে সরাসরি বিএলও-র গাফিলতির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবুপুরের বাসিন্দা লক্ষণ মণ্ডল এখনও পর্যন্ত তাঁর এসআইআর ফরম বিএলও-কে জমাই করেননি। অথচ নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে—তাঁর এসআইআর ফর্ম ইতিমধ্যেই সাবমিট হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, ওই অনলাইন ফর্মে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে, সেটিও তাঁর নয়। ফর্মে দেখা যাচ্ছে আদিবাসী এক ব্যক্তির মোবাইল নম্বর। ফলে প্রশ্ন উঠছে—এ ফর্ম জমা পড়ল কীভাবে? কারা বা কোন উদ্দেশ্যে এই নম্বরটি ব্যবহার করা হলো?

পরিবারের দাবি, “আমরা এখনও কোনো এসআইআর ফরম জমা দিইনি। অথচ অনলাইনে নাম চলে এসেছে! এটা বড় ধরনের গাফিলতি ছাড়া কিছুই নয়।” তাঁদের অভিযোগ, এই ঘটনায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নের মুখে পড়ছে এবং বিএলও-র অসতর্কতা বা অন্য কোনো প্রভাবশালী চাপ এর পিছনে থাকতে পারে।

ঘটনার কথা জানার পর থেকেই গোটা বাবুপুর এলাকায় শুরু হয়েছে আলোড়ন। স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা—একজন সাধারণ ভোটারের তথ্য যদি এভাবে বদলে দেওয়া যায়, তবে নির্বাচন কমিশনের ডেটা সিস্টেমে আরও কত অনিয়ম লুকিয়ে আছে?

ইতিমধ্যেই লক্ষণ মণ্ডল বিষয়টি ব্লক প্রশাসন, পঞ্চায়েত দপ্তর ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের জানিয়েছেন। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করতে অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হয়েছে বলে সূত্রের খবর।

ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল প্রক্রিয়ায় এমন অনিয়ম সামনে আসায় এলাকায় উদ্বেগ বাড়ছে। সাধারণ মানুষের দাবি—এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ভোটার ডেটা সুরক্ষায় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.