ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার বিবাহ স্থগিতের পর এবার আরও এক দুঃসংবাদ। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার পর এবার তাঁর হবু স্বামী, সংগীত পরিচালক পলাশ মুচ্ছলকেও হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। দুই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের আকস্মিক অসুস্থতায় বিয়ের আনন্দ পুরোপুরি ফিকে হয়ে গিয়েছে।
জানা গিয়েছে, রবিবার বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। দ্রুত তাঁকে সাঙ্গলির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক চিকিৎসক ডা. নমন শাহ জানিয়েছেন, দুপুর দেড়টা নাগাদ শ্রীনিবাস মান্ধানার বুকের বাঁ দিকে ‘এনজাইনা’র উপসর্গ দেখা যায়। ইসিজি এবং কার্ডিয়াক এনজাইম বৃদ্ধির রিপোর্ট আসার পর বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের আশা, সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে প্রয়োজনে অ্যাঞ্জিওগ্রাফিও করতে হতে পারে।এদিকে, বাবার অসুস্থতার খবর আসার পর পরই অসুস্থ হয়ে পড়েন পলাশ মুচ্ছল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভাইরাল ইনফেকশন ও অ্যাসিডিটির সমস্যা নিয়ে সুরকার পাত্র পলাশকে হাসপাতালে যেতে হয়। তবে স্বস্তির খবর, তাঁর অসুস্থতা গুরুতর ছিল না। চিকিৎসার পর তাঁকে দ্রুত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি হোটেলে ফিরেছেন।
বিশ্বজয়ী ক্রিকেটারের জীবনে এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে উৎসবের আমেজ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভক্ত থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা সকলেই শ্রীনিবাস মান্ধানা এবং পলাশ মুচ্ছলের দ্রুত আরোগ্য কামনা করছেন।







