খেলাধুলা

ক্রিকেটে বিতর্কের ঝড়: বর্ণবাদী ইতিহাস টেনে ‘গ্রোভেল’ শব্দ ব্যবহার শুক্রি কনরাডের, ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা

গুয়াহাটি টেস্টের চতুর্থ দিনে ভারত যখন চরম ব্যাটিং বিপর্যয়ের মুখে, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাডের একটি মন্তব্য ক্রিকেট জগতে বড় বিতর্কের জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যেই বলেছেন যে তিনি চান ভারত যেন ‘গ্রোভেল’ (Grovel) করে, যার বাংলা অর্থ দাঁড়ায় ‘মাথা নত করা’ বা ‘নতজানু হওয়া’। এই শব্দটি ক্রিকেটের ইতিহাসে খুবই সংবেদনশীল এবং অপমানজনক হিসেবে বিবেচিত।কনরাডের এই মন্তব্য সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের অবাক করেছে। যদিও কোচ দাবি করেছেন, তাঁর লক্ষ্য ছিল ভারতকে মানসিক ও শারীরিকভাবে মাঠে দীর্ঘ সময় কাটাতে বাধ্য করে চাপে রাখা। কিন্তু ঐতিহাসিক গুরুত্বের কারণে তাঁর এই শব্দচয়ন ভালোভাবে নেয়নি ভারতীয় ক্রিকেট মহল।

ক্রিকেটে ‘গ্রোভেল’ শব্দটি বর্ণবাদী সংবেদনশীলতা বহন করে। ১৯৭৬ সালে ইংল্যান্ডের সাদা চামড়ার অধিনায়ক টনি গ্রিগ (দক্ষিণ আফ্রিকায় জন্ম) ওয়েস্ট ইন্ডিজ দলের সম্পর্কে একই শব্দ ব্যবহার করেছিলেন, যা সেই সময়ে অত্যন্ত অপমানজনক এবং বর্ণবাদী হিসেবে নিন্দা পেয়েছিল। সেই মন্তব্যের জেরেই ওয়েস্ট ইন্ডিজ দল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে সিরিজ হারায়।

কোচের এই মন্তব্যের পর ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। কিংবদন্তি লেগ স্পিনার কুম্বলে কনরাডের ভাষা সম্পূর্ণভাবে ‘অগ্রহণযোগ্য’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “পঞ্চাশ বছর আগে একজন ইংরেজ অধিনায়ক একই শব্দ ব্যবহার করেছিলেন, এবং এরপর কী হয়েছিল তা আমরা সবাই জানি। দল যখন জেতার পথে থাকে, তখন বিনয় দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোচের কাছ থেকে এটা মোটেও প্রত্যাশিত ছিল না।”উইকেটরক্ষক-ব্যাটসম্যান পার্থিব প্যাটেল মনে করেন, কনরাড সম্ভবত এই শব্দের ঐতিহাসিক ওজন সম্পর্কে অবগত নন। তবে তিনি বলেন, “তাঁর মুখে একটা মুচকি হাসি ছিল, এতে সন্দেহ নেই যে এটা অসম্মানজনক। ভারতীয় দল শুধু এটাই বলতে পারে যে, ‘আমরা ভালো খেলিনি বলেই এই পরিস্থিতিতে এসেছি, তবে এমন শব্দ ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না।’ আমার মনে হয়, শেষ দিনের আগেই কনরাড ক্ষমা চাইতে বাধ্য হবেন।” পূজারা মনে করেন এই মন্তব্য ড্রেসিংরুমে ক্ষোভের জন্ম দেবে। তবে তাঁর মতে, এর সেরা উত্তর হবে ব্যাট হাতে লড়াই করা। তিনি বলেন, “এই মন্তব্য দলের মনে আঘাত দেবে। কিন্তু এর সেরা জবাব দিতে হবে ব্যাট দিয়েই। শৃঙ্খলা নিয়ে তিনটি সেশন ব্যাট করতে হবে, নিজেদের মধ্যে পার্টনারশিপ গড়তে হবে।”

দক্ষিণ আফ্রিকা এই টেস্টে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেলেও, কোচের এই মন্তব্যে তাদের জয়ের আনন্দ কিছুটা হলেও ম্লান হয়েছে। প্রাক্তন ভারতীয় তারকারা আশা করছেন, নিজেদের খেলার মাধ্যমেই ভারত এই মন্তব্যের জবাব দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.