নদীয়া জেলার কল্যাণীর গয়েসপুর থানার সগুনা গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্যকর ঘটনা। মাত্র আট মাসের কন্যা শিশুকে সঙ্গে নিয়েই পরিবারছাড়া দম্পতির খবর পেয়ে মানবিকতার জায়গা থেকে এগিয়ে গেলেন পঞ্চায়েত প্রধান সুশীল রায় এবং পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড সদস্যা শিপ্রা দাস। অভিযোগ, কন্যা সন্তানের জন্মের পর থেকেই ওই দম্পতিকে পরিবার ছাড়তে বাধ্য করেন পরিবারেরই দুই সদস্য– প্রশান্ত মৈত্র এবং ছোট বৌমা অলিভার সরকার মৈত্র। ১৫ বছর পর এই দম্পতির ঘরে কন্যাসন্তান জন্মালেও, তার আগমন যেন বর্ষায় আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে নেমে আসে পরিবারের একাংশের কাছে।
ঘটনার সংবাদ পেয়ে পঞ্চায়েত প্রধান সুশীল রায় মানবিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। প্রচন্ড শীতের মধ্যে শিশুটির কোনওরকম অসুবিধা না হয়, সেই ভাবনা থেকেই তিনি ও শিপ্রা দাস সরাসরি পরিবারটির দরজায় পৌঁছন। কিন্তু সেখানে পৌঁছে উল্টোই ঘটে বিপত্তি। অভিযোগ, পরিবারের সদস্যরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন, এমনকি ‘কেন এসেছেন’ জানতে চেয়ে আদালতের নাম করে হুমকি পর্যন্ত দেন।
প্রশাসনের সর্বোচ্চ স্তরে পঞ্চায়েত প্রধান যেখানে গ্রামবাসীর পাশে দাঁড়ানোর দায়িত্ব বহন করেন, মানবিকতার এই উদ্যোগে অপমানিত হওয়া কি আমাদের সমাজের মানসিকতার প্রতিচ্ছবি নয়? আট মাসের এক নিষ্পাপ শিশু– তার ঠাণ্ডায় রাত কাঁপার কথা ভাবার পরিবর্তে রাজনীতির তরবারি কেন ধার দেওয়া হচ্ছে? প্রশ্ন উঠছে, যেখানে একজন নির্বাচিত প্রতিনিধি সমাধানের চেষ্টা করতে গিয়ে অপমানিত হন, সেখানে এলাকার বিরোধী শক্তি বা সামাজিক সংগঠনগুলি আজ কোথায়? মানবতার এই পরীক্ষায় কে বা কারা পাশ করছে, আর কারা লিখিয়ে দিচ্ছে ব্যর্থতার ইতিহাস?
শিশুটিকে নিরাপদ পরিবেশ দেওয়া এবং সমস্যার সুষ্ঠু সমাধানে উপযুক্ত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছে স্থানীয় সুশীল মহল। এখন দেখার, এই ঘটনায় জেলা প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়।







